শুরুর আগেই সিরিজ শেষ!
‘এ রকম কখনোই দেখিনি আমি। এত দীর্ঘ সময় ধরে চলা বৃষ্টি কখনো দেখিনি। এটা আমার জীবনের সবচেয়ে বাজে সিরিজ’—বৃষ্টিবিঘ্নিত তিন ম্যাচের টেস্ট সিরিজের পর এভাবেই নিজের হতাশার কথা জানিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। সন্দেহ নেই, সাঙ্গাকারার মতো একইভাবে হতাশ হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও। আর এই হতাশা থেকে ক্রিকেটারদের দূরে রাখতে স্থগিত ঘোষণা করা হয়েছে ওয়ানডে সিরিজ।আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় মাঠে গড়ানোর কথা ছিল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু এখানেও বৃষ্টির হানা। অবিরাম বৃষ্টিতে বল মাঠে গড়ানোর সুযোগ নেই। অনুশীলন পর্যন্ত করতে পারেনি কোনো দল। ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের আগে এল ঘোষণাটা—বৈরি আবহাওয়ার কারণে সিরিজ আপাতত স্থগিত!শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ২০১১ সালের জানুয়ারির শেষের দিকে সিরিজটি আবারও অনুষ্ঠিত হবে। তবে দুই বোর্ডের সম্মতিতে পাঁচ ম্যাচের বদলে তখন ম্যাচ হবে তিনটি। —রয়টার্স