শুরুর দিনেই টিকিট
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শুরু হয়ে যাচ্ছে কাল। অথচ সিরিজের টিকিট বিক্রি শুরু হয়নি এখনো! হবে কীভাবে? টিকিটের স্পনসরই যে ঘোষণা হলো কাল! টিকিট বিক্রি করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। কিন্তু আজ শুক্রবার বলে ব্যাংক বন্ধ। টিকিট বিক্রি হবে কাল টেস্টের প্রথম দিন থেকে। অবশ্য ইউক্যাশের মাধ্যমে গতকাল বিকেল থেকেই টেস্টের টিকিট কিনতে পারার কথা।
বিসিবির কাছ থেকে টিকিটের স্বত্ব আগেই কিনে নিয়েছে এক্সিওম টেকনোলজিস। তারাই টিকিট বিক্রির দায়িত্ব দিয়েছে ইউসিবিকে। টিকিট বিক্রি শুরুতে দেরি কেন, সেটার ব্যাখ্যা দিতে গিয়ে কাল টিকিটিং পার্টনারশিপ ঘোষণার সংবাদ সম্মেলনে এক্সিওম টেকনোলজিসের প্রধান রিজওয়ান বিন ফারুক বলেছেন, টিকিট বিক্রির পার্টনার পেতে দেরি হওয়াটাই এর কারণ। সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিসিবির টিকিট কমিটির সদস্যসচিব ওমর হোসেন ও ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা মাহমুদ রফিকুর রহমানসহ অন্য কর্মকর্তারা।
ঢাকায় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট পাওয়া যাবে ইউসিবির মিরপুর, বসুন্ধরা, উত্তরা, বিজয়নগর ও ধানমন্ডি (মিরপুর সড়ক) শাখা থেকে। খুলনায় টিকিট বিক্রি হবে খুলনা প্রধান শাখা ও খানজাহান আলী সড়ক শাখা থেকে। চট্টগ্রামে পাওয়া যাবে দামপাড়া, হালিশহর, মুরাদপুর ও আন্দরকিল্লা শাখায়।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল থেকে শুরু প্রথম টেস্টের প্রতিদিনের টিকিটের সর্বোচ্চ দাম ১ হাজার টাকা (বিসিবি করপোরেট বক্স) এবং সর্বনিম্ন ২০ টাকা (পূর্ব গ্যালারি)। এ ছাড়া পশ্চিম গ্যালারির প্রতিদিনের টিকিটের দাম ৫০ টাকা, ক্লাব হাউস ৭৫ টাকা, গ্র্যান্ডস্ট্যান্ড ৩০০ টাকা ও আন্তর্জাতিক গ্যালারি ১০০ টাকা করে।
একই ভেন্যুতে অনুষ্ঠেয় তিনটি ওয়ানডে ম্যাচের প্রতিটির জন্য টিকিটের সর্বোচ্চ দাম থাকবে ৩ হাজার টাকা করে। এই দামে পাওয়া যাবে বিসিবি ডিরেক্টরস লাউঞ্জ, করপোরেট বক্স (দক্ষিণ) ও গ্র্যান্ডস্ট্যান্ড হসপিটালিটি বক্সের টিকিট। সর্বনিম্ন ১০০ টাকা লাগবে পূর্ব গ্যালারির টিকিট কিনতে। এ ছাড়া বেক্সিমকো হসপিটালিটি লাউঞ্জ (দক্ষিণ) ও বিসিবি হসপিটালিটি লাউঞ্জের (উত্তর) প্রতিটি টিকিটের দাম ২ হাজার টাকা। গ্র্যান্ডস্ট্যান্ড, ডিরেক্টর এনক্লোজার ও বিসিবি ডিগনেটরিসের টিকিট ১ হাজার টাকা করে। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ৩০০ টাকা এবং উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকিটের দাম ১৫০ টাকা করে।