শুরুর নায়ক পেসাররা
ঢাকা প্রিমিয়ার লিগ ঢাকার বাইরের পাট চুকিয়ে ফেলছে সম্ভবত আজই। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা আজ। বিকেএসপি ৩ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হচ্ছে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস), ফতুল্লায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ কলাবাগান ক্রিকেট একাডেমি। আর বগুড়ায় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের মুখোমুখি আবাহনী লিমিটেড। ঢাকার বাইরে শেষ ম্যাচ হয়তো এটাই। আগামী পরশু থেকেই পাওয়ার কথা মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। তৃতীয় রাউন্ড থেকে ঢাকার বাইরে ম্যাচ হওয়ার সম্ভাবনা তাই নেই বললেই চলে।
মাত্রই নয়টি ম্যাচ হয়েছে এই পর্যন্ত। এর মধ্যেই দেখা গেছে অনেক ঘটনার ঘনঘটা! প্রথম দিনে রাজশাহীতে ওপেন করতে নেমে জিয়াউর রহমানের ৬৯ বলে ৮৯ রানে শুরু। ওই ম্যাচেই পরে ১৪০ বলে ১৫০ রানের অসাধারণ ইনিংস খেলে চমকে দিলেন নাফিস ইকবাল। উত্তরবঙ্গেরই আরেক শহর বগুড়ায় তখন আরেকটা চমক উপহার দিয়েছেন গাজী ট্যাংক ক্রিকেটার্সের রুবেল হোসেন। খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে ৬ উইকেট নিলেন মাত্র ১৮ রানে!
পরদিনই ১৬ রানে ৬ উইকেট নিয়ে সিসিএসকে ৩৫ রানের লজ্জায় ডোবালেন আবাহনীর আল আমিন হোসেন। সেটির রেশ থাকতে থাকতেই পরশু আবার ৫ উইকেট নিলেন রুবেল। এবার উইকেট একটি কম, তবে আরেক দিক থেকে প্রাপ্তিটা বেশি। ওই ৫ উইকেট যে হ্যাটট্রিকসহ! একই দিন কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে হ্যাটট্রিক-আনন্দে ভাসলেন প্রাইম ব্যাংকের তাপস বৈশ্যও।
আলোচনায় রুবেল-আল আমিন-তাপস, মানে পেসাররা। এবারের লিগের প্রথম ‘দেড়’ রাউন্ডের সবচেয়ে বড় বিস্ময় নিশ্চিতভাবে এটাই। এ দেশের কন্ডিশন আর উইকেটে পেসাররা বরাবরই ‘সৎছেলে’। প্রিমিয়ার লিগে দল পেতে বরাবরই গলদঘর্ম হতে হয়েছে পেসারদের। পুলের খাঁড়ায় বা বাস্তবতার শিকার হয়ে কত জাতীয় পেসারকে কম টাকায় খেলতে হয়েছে ছোট ক্লাবে! এবার যেন পেসারদের জবাব দেওয়ার পালা। দুই ম্যাচে রুবেলের ১১ উইকেট। তরুণ আল আমিনের যেমন এক ম্যাচে ৬ উইকেট, তেমনি অভিজ্ঞ তাপসের দুই ম্যাচে হ্যাটট্রিকসহ ৫ উইকেট। একমাত্র ম্যাচে ৩ উইকেট করে পেয়েছেন শফিউল ইসলাম ও আশরাফুল হক। চোট কাটিয়ে ফেরা মাশরাফি প্রথম ম্যাচে পেয়েছেন ২ উইকেট।
মাশরাফির মতে পেসারদের এমন পারফরম্যান্সের একটা বড় কারণ ফিটনেস, ‘এবার জাতীয় দলের অনুশীলন ক্যাম্পটার কারণে সবাই কিন্তু শারীরিকভাবে দারুণ অবস্থায় আছে। আর পেসারদের মানসিকতাও পরিপক্ব হয়েছে। ৫-৬ উইকেট তো প্রতি ম্যাচেই আসবে না। তবে আশা করি, সবাই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে।’ পেসারদের পারফরম্যান্সে আশা খুঁজে পাচ্ছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমও, ‘পেসারদের ভালো করাটা দারুণ ইতিবাচক। বিশেষ করে রুবেল শুধু উইকেটই পায়নি, রানও কম দিচ্ছে। আল আমিন বেশ কিছুদিন ধরেই ভালো করছে। উইকেট না পেলেও ভালো করছে অন্যরা। আশা করি, ওরা এটা ধরে রাখতে পারবে।’
পেসারদের উৎসব দেখা যাবে কি আজও?
আজকের খেলা
শেখ জামাল-সিসিএস (বিকেএসপি)
আবাহনী-প্রাইম দোলেশ্বর (বগুড়া)
মোহামেডান-কলাবাগান সিএ (ফতুল্লা)
ম্যাচ শুরু সকাল ৯টায়