শুরুর পর সরে দাঁড়াল চট্টগ্রাম আবাহনী
এ যেন পাড়ার কোনো টুর্নামেন্ট! খেলা শুরু হওয়ার ছয় ঘণ্টা আগে এক দল জানিয়ে দিল, টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে কাল মুখোমুখি হওয়ার কথা ছিল শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর। কিন্তু শেষ মুহূর্তে খেলোয়াড়-সংকটের কথা বলে টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নিল চট্টগ্রাম আবাহনী। যে কারণে ‘বি’ গ্রুপের ম্যাচও কমে গেল। কাল ওয়াকওভার পেল শেখ রাসেল। একইভাবে ঢাকা মোহামেডানও ওয়াকওভার পাবে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণের জন্য একটি মাত্র ম্যাচ হবে এই গ্রুপে—১৬ এপ্রিল মুখোমুখি হবে মোহামেডান ও শেখ রাসেল।চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান জমিরউদ্দিন কাল বললেন, ‘এটা সত্যিই দুর্ভাগ্যজনক, আমরা খেলতে পারছি না। আমরা বাংলাদেশ লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পরই ক্যাম্প বন্ধ করে দিয়েছিলাম। ভেবেছিলাম, দ্বিতীয় পর্ব যেহেতু দেরিতে শুরু হবে তাই খেলোয়াড়দের ছেড়ে দিই। আমাদের সব খেলোয়াড় যশোর-খুলনা অঞ্চলের। এবং আমরা ক্যাম্প করি কক্সবাজারে। এত অল্প সময়ের নোটিশে খেলোয়াড় জোগাড় করতে পারিনি।’চট্টগ্রাম আবাহনী এভাবে টুর্নামেন্ট থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় বেশ বিব্রত বাফুফে। যেহেতু তাদের আগে থেকেই জানানো হয়েছিল যে টুর্নামেন্টে খেলতে হবে, তাই তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া যায় কি না, সেটাও ভেবে দেখছে টুর্নামেন্ট কমিটি।