শুরুর মতোই শেষ জোকোভিচের
২০১১ সালটা যেভাবে শুরু করেছিলেন, ঠিক সেভাবেই শেষ করলেন নোভাক জোকোভিচ। বিদায়ী বছরের শুরু থেকে টানা ৪১টি ম্যাচ জিতেছিলেন। আর বছরের শেষ দিনে এসে জিতলেন ১১তম শিরোপাটি। কাল দুবাইয়ের ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে ডেভিড ফেরারকে ৬-২, ৬-১ গেমে বিধ্বস্ত করে জিতেছেন মুবাদালা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। ২০১২ সালটাও যে বিশ্বের ১ নম্বর টেনিস তারকারই হবে, তারই যেন আভাস দিয়ে গেল এই প্রদর্শনী টুর্নামেন্ট।বিশ্বের ৫ নম্বর খেলোয়াড় ডেভিড ফেরার ফাইনালে ওঠার পথে হারিয়ে এসেছিলেন জো উইলফ্রায়েড-সোঙ্গা ও রাফায়েল নাদালকে। নাদালের বিপক্ষে সেমিফাইনালটা এতটাই দাপটের সঙ্গে জিতেছিলেন যে নাদাল বলতে বাধ্য হয়েছিলেন, ‘সে তার জীবনের সেরা টেনিস খেলছে।’ সেই ফেরার অসহায় আত্মসমর্পণের পর বলেছেন, ‘ম্যাচটা খুব কঠিন ছিল। আমি জানি, কেন জোকোভিচ বিশ্বের ১ নম্বর খেলোয়াড়।’ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নাদালের কাছে হেরে গেছেন ফেদেরার।বছর শেষের এই প্রতিযোগিতা জিতে আড়াই লাখ ডলার পকেটে পুরেছেন জোকোভিচ। ২০১১ সালে তিনটি গ্র্যান্ড স্লাম জিতেছিলেন এই সার্বিয়ান। ২০১২ সালটাও গত বছরের মতো কাটবে কি না এমন প্রশ্নের জবাবে জোকোভিচ বলেছেন, ‘হ্যাঁ, আমি সে রকমই ভাবছি। আমি মনে করি, বিশ্বাস থাকলে কোনো কিছুই অসম্ভব নয়।’ ওয়েবসাইট।