প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইলফ বারবার, মাংকি হর্নবি এবং ব্রুস মারে। টেস্ট ক্রিকেটে অনন্য তিনজন। টেস্টে শুধু এই তিনজনের বোলিং-গড়ই শূন্য। অর্থাৎ কোনো রান না দিয়েই তাঁরা কমপক্ষে একটি করে উইকেটে পেয়েছেন। তাঁদের প্রথম দুজন ইংল্যান্ডের এবং মারে নিউজিল্যান্ডের। তাঁদের মধ্যে ‘দ্য বস’ নামে পরিচিত হর্নবি আবার এমন এক ক্লাবের সদস্য যার গোড়াপত্তন তাঁর হাতেই, ১৮৭৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যেটির সর্বশেষ সদস্য হয়েছেন কাল মাইক হাসি, শ্রীলঙ্কার বিপক্ষে বিনা রানে উইকেট নিয়ে। হাসিসহ মোট ৩৬ জনের ৩৭ বার আছে এই কীর্তি। পাকিস্তানের ওয়াসিম রাজা দুবার শূন্য রান দিয়ে পেয়েছেন উইকেট। তবে ইনিংসে কোনো রান না দিয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ডটি রিচি বেনোর। অস্ট্রেলীয় লেগ স্পিনার বেনো ১৯৫৯ সালে দিল্লিতে ভারতের বিপক্ষে ২২ বলে ৩ উইকেটে পেয়েছিলেন শূন্য রানে।