খেলায় বেশ কিছু শব্দের চল হয়েছে। যেমন ২৬ ডিসেম্বর শুরু টেস্টকে বলে বক্সিং ডে টেস্ট। কেন? হ্যাটট্রিক শব্দটিই বা এল কেমন করে? টেনিসে ‘লাভ’ মানে কেন শূন্য? সেই সব শব্দ-শব্দবন্ধের গল্প নিয়ে আমাদের নতুন ধারাবাহিক—ক্রীড়া অভিধান। তৃতীয় পর্বে থাকছে ‘ডাক’। লিখেছেন অনিরুদ্ধ রহমান
একসময় টিভিতে খেলা দেখানোর সময় একটা কার্টুন অ্যানিমেশন দেখানো হতো। কোনো ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে টিভি পর্দায় ভেসে আসত একটা হাঁসের ছবি। যে হাঁস একটা ব্যাগ বগলদাবা করে কাঁদতে কাঁদতে ড্রেসিংরুমে ফিরছে।
দর্শকেরা মজা পেত নিশ্চিত, কিন্তু হাঁসসমাজ? এ ব্যাপারে তাদের কোনো ওজর-আপত্তি আছে কি না, আমরা কি জানি? কেউ কি বলতে পারবে, ব্যাটসম্যানদের শূন্য রানে আউট হওয়াটাকে যে ডাক বলা হয়, এতে হাঁসসমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কি না!
প্রশ্ন হলো শূন্যকে ডাক বা হাঁস বলা হয় কেন?
শূন্য রানের মতো একটা ট্র্যাজিক ব্যাপারকে হাঁসের সঙ্গে তুলনা করার কারণ খুঁজে পাওয়া বেশ দুষ্কর হলেও যত দূর জানা যায়, ডাক কথাটার প্রাথমিক পূর্ণরূপ ছিল ‘ডাক এগ’। শূন্যর সঙ্গে ডিমের দৃশ্যগত মিল থাকাতেই নাকি এই নামকরণ। নামকরণের সার্থকতা প্রতিপন্ন করেই যেন সেদিনের সেই ডাক এগ আজ ডিম থেকে বেরিয়ে ক্রিকেট বিশ্বে সবার কাছে একনামে পরিচিত পূর্ণাঙ্গ ডাক নামে।
ডাকের ইতিহাস ক্রিকেটের ইতিহাসের মতোই পুরোনো। ডাকের যাত্রা শুরু হয় ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত ইতিহাসের একেবারে প্রথম টেস্ট ম্যাচ থেকেই। জেমস লিলিহোয়াইটের বলে নেড গ্রেগরির আউট হবার মধ্যে দিয়েই যাত্রা শুরু এই হংস ডিম্বের। আর এখন পর্যন্ত ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৪৩টি ডাক নিয়ে তালিকার প্রথম স্থান দখল করে বসে আছেন ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালস।
৩৬ ডাক নিয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের ক্রিস মার্টিনও সম্প্রতি অবসরে চলে যাওয়ায় ওয়ালসের ‘রেকর্ড’ আপাতত নিরাপদই বলা যায়। তবে সবচেয়ে বিখ্যাত ডাক বোধহয় স্যার ডন ব্র্যাডম্যানের শেষ ইনিংসের শূন্যটিই। যেদিন মাত্র ৪ রান করতে পারলে তার ব্যাটিং গড় হয়ে যেত ১০০।
ডাকেরও কিন্তু বেশ কিছু রকম ভেদ আছে। প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফিরে যাওয়াকে আদর করে ডাকা হয় ‘গোল্ডেন ডাক’। সোনার ডিম পাড়া হাঁস পেলে সবাই বর্তে যেত নিশ্চয়ই, কিন্তু গোল্ডেন ডাক কোনো ব্যাটসম্যানই চান না। গোল্ডেন ডাকের মতো এতটা প্রচলিত না হলেও কখনো কখনো দ্বিতীয় এবং তৃতীয় বলে আউট হওয়াকেও যথাক্রমে ‘সিলভার ডাক’ এবং ‘ব্রোঞ্জ ডাক’ নামেও অভিহিত করা হয়ে থাকে।
রান আউট বা অন্য কোনো কারণে কোনো বল মোকাবিলা করার আগেই আউট হয়ে যাওয়াকে বলে ডায়মন্ড ডাক। ডায়মন্ড ডাক বলতে আবার কখনো বোঝানো হয় কোনো ইনিংসেরই প্রথম বলে আউট হওয়াকে। একে প্লাটিনাম বা রয়্যাল ডাকও বলা হয়। দলীয় ইনিংসের শুরুতেই কোনো বল মোকাবিলা না করেই শূন্য রানে ফেরাকে বলা হয় টাইটানিয়াম ডাক। অবশ্য ক্রিকেট মাঠে এই প্রজাতির ‘হাঁস’ আসলেই বিরল।
এ তো গেল একটা ডাকের কথা, দুটি ডাক মিলেও আছে ক্রিকেটের জনপ্রিয় কিছু পরিভাষা। দুই ইনিংসেই শূন্য রানে আউট হলে তাকে বলে ‘পেয়ার’। উভয় ইনিংসেই প্রথম বলেই শূন্য রানে আউট হওয়াকে বলা হয় ‘কিং পেয়ার’। নিউজিল্যান্ডে ক্রিস মার্টিন সাতটি পেয়ার নিয়ে আছেন সবার থেকে ওপরে। ঠিক নিচেই চারটি করে পেয়ার নিয়ে আছেন আরও পাঁচজন। এদের চারজনই বোলার হলেও একজন আছেন শ্রীলঙ্কার অন্যতম সফল ব্যাটসম্যান মারভান আতাপাত্তুও। আতাপাত্তুর টেস্ট ক্যারিয়ারের প্রথম ৬ ইনিংস শেষে দুটি পেয়ারসহ মোট রান ছিল ১!
টেস্ট অভিষেকেই উভয় ইনিংসে শূন্য বা পেয়ার পাওয়া হতভাগ্যের সংখ্যাও নেহাত কম নয়। সংখ্যাটা—৩৮। সকাল দেখেই যারা দিনের অবস্থা বুঝে ফেলেন, তাঁদের ব্যর্থ প্রমাণ করেই যেন সেই হতভাগ্যদের তালিকায় আছেন পরে খ্যাতিমান হয়ে ওঠা গ্রাহাম গুচ, আতাপাত্তু বা সাঈদ আনোয়ারের মতো ব্যাটসম্যানরা।
টানা দুটি পেয়ার বা চার ইনিংসে শূন্য রান করা ব্যাটসম্যানের সংখ্যাও ৯। আর অজিত আগারকার, বব হল্যান্ড ও মোহাম্মাদ আসিফের আছে টানা ৫ ইনিংসে শূন্য করার অনন্য ‘কীর্তি’।