শূন্য পড়ে আছে বক্সিং রিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বক্সার ইফতেখার, বিপ্লবরা বক্সিংটা প্রায় ভুলেই গেছেন। পুরোদস্তুর ব্যবসায়ী। গত এসএ গেমসে সোনাজয়ী বক্সার জুয়েল আহমেদ দিন কাটাচ্ছেন হতাশায়। আরেক সোনাজয়ী আবদুর রহিম সেনাবাহিনীর জাতিসংঘ মিশনে কর্মরত কম্বোডিয়ায়। বক্সারদের হতাশার একটাই কারণ, খেলা নেই। বক্সিং রিংয়ে যেন মরচে পড়েছে। এখানে সেখানে বেঁধেছে মাকড়সার জাল।ঘরোয়া কোনো প্রতিযোগিতা আয়োজনের নামই নেই ফেডারেশন কর্মকর্তাদের মুখে। সর্বশেষ জাতীয় বক্সিং হয়েছিল ২০১০ সালের জুলাইয়ে। সিনিয়র, জুনিয়র, বয়সভিত্তিক (অনূর্ধ্ব-১৯) ও মহিলা চ্যাম্পিয়নশিপেরও কোনো খবর নেই। এ বছরের শুরুতে সিনিয়র প্রতিযোগিতা হয়েছে বটে, কিন্তু সেটি গত বছরের তালিকাভুক্ত।বক্সিং নিয়ে হতাশার কথা লুকাচ্ছেন না জুয়েল, ‘খেলাধুলা নেই। আমরা খুবই হতাশ। নিজেদের তাগিদেই আনসারের ১০-১২ জন কোনো রকম রাজশাহীতে অনুশীলন করি। কিন্তু এখানে ভালো সরঞ্জাম নেই।’ বক্সিং কোচ কাজল দত্তের কথা, ‘এভাবে চলতে থাকলে বক্সিং শেষ হয়ে যাবে।’ গত এসএ গেমসে বক্সিং বাংলাদেশকে দিয়েছিল দুটি সোনা ও একটি রুপা। কিন্তু আগামী বছর ভারতে অনুষ্ঠেয় এসএ গেমসে সেগুলো ধরে রাখা অসম্ভব বলেই মনে করছেন সবাই।খেলাধুলা নেই বলে বক্সিং থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাউথ ইস্ট ব্যাংক। বাধ্যবাধকতায় পড়ে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের টুর্নামেন্ট করা হয় নিয়মিত। এগুলো না করলে যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সরকারি অনুদান বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে। সাধারণ সম্পাদক লে. কর্নেল এম এ লতিফ খান (অব.) নির্বাচিত হয়েই ফেডারেশনের দায়িত্ব নিয়েছেন। কিন্তু জনশ্রুতি এমন, বিএনপির রাজনীতি করেন বলেই তাঁকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে! সভাপতি মাহবুব আহমেদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। জানা গেছে, ক্রীড়াঙ্গনে নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করার ধুম পড়ে গেলেও আবদুল লতিফকে সরানো যায়নি। এর পেছনের কারণ হিসেবে অন্য রকম এক ব্যাখ্যা দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানালেন, ‘লতিফ সাহেব বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক। তাঁকে সরিয়ে দিলে আমাদের বিপদ হতে পারে। আবারও যদি বিএনপি সরকার গঠন করে, তখন সমস্যা হবে আমাদেরই। তাই চাইলেও ওনাকে সরানো যাবে না।’ সভাপতির সঙ্গে সাধারণ সম্পাদকের একটা দূরত্ব আছে। আর এটির শিকার হচ্ছেন বক্সাররা। বক্সিং রিংয়ে কোনো খেলা নেই। ভালো কোনো কর্মসূচিও হাতে নেওয়া হচ্ছে না। সভাপতির সঙ্গে ‘ভুল বোঝাবুঝি’ যে একটু আছে সেটা স্বীকার করে নিয়েছেন সাধারণ সম্পাদক এম এ লতিফও, ‘ব্যাপারটা সত্যি হতেও পারে। আমি যেহেতু বিএনপি করি, উনি চাইতেই পারেন আমি যেন না থাকি। আমি তো আমার যোগ্যতাবলেই আছি।’ তবে বিষয়টাকে উড়িয়ে দিলেন সভাপতি মাহবুব আহমেদ, ‘তাঁর সঙ্গে আমার কোনো রকম সমস্যা নেই। আমিই বক্সিংয়ে সময় দিতে পারি না। বোঝেনই তো, কী চাকরি করি। নানা কাজে ব্যস্ত থাকি।’ তবে নিয়মিত খেলাধুলা হচ্ছে বলেই দাবি করেছেন মাহবুব। স্বাধীনতা দিবস, বিজয় দিবসের খেলাগুলোকেই তিনি নিয়মিত আয়োজন বলছেন। তাহলে জাতীয় চ্যাম্পিয়নশিপ নেই কেন? ‘ফান্ড সমস্যাই এর প্রধান কারণ। আমাদের স্পনসর ছিল সাউথ ইস্ট ব্যাংক। তারা এখন আমাদের সঙ্গে নেই। টাকাপয়সা জোগাড় করতে পারলেই জাতীয় চ্যাম্পিয়নশিপ করব’—বললেন বক্সিং ফেডারেশনের সভাপতি। আশার বাণী শুনিয়েছেন সাধারণ সম্পাদকও, ‘স্পনসরের অভাব থাকলেও আশা করি নভেম্বর-ডিসেম্বর নাগাদ টুর্নামেন্ট করতে পারব। এ ছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে বঙ্গবন্ধু জুনিয়র আন্তর্জাতিক টুর্নামেন্ট করার কথাও ভাবছি।’ এই ভাবনা পর্যন্তই আটকে থাকবে না তো কর্মকর্তাদের কার্যপরিধি? জানুয়ারি পর্যন্তই কিন্তু মেয়াদ আছে বর্তমান কমিটির।