শূন্য হাতে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্থান-পতনের মধ্য দিয়ে কয়েকটা সপ্তাহ কেটেছে তাঁর। রাশিয়ার গোটা ট্র্যাক অ্যান্ড ফিল্ড দলের মধ্যে একমাত্র অ্যাথলেট হিসেবে রিও অলিম্পিকে সুযোগ পেয়েছিলেন দারিয়া ক্লিশিনা। সেটিও শেষ মুহূর্তে, আন্তর্জাতিক ক্রীড়া আদালতে লড়ে। তবে এত কষ্ট করে অলিম্পিকে এসেও ‘কেষ্ট’ মিলল না রুশ লং জাম্পারের। বাদ পড়েছেন মেয়েদের ফাইনালের প্রথম রাউন্ডেই। ফাইনালে সুযোগ পান আটজন, কিন্তু ২৫ বছর বয়সী ক্লিশিনা ৬.৬৩ মিটার লাফিয়ে হয়েছেন নবম। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপ পাপের অভিযোগে রিওতে এবার রাশিয়ার পুরো অ্যাথলেটিকস দলই নিষিদ্ধ ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রে অনুশীলন করায় ক্লিশিনা সুযোগ পান। অলিম্পিকে এসেও কি ঝক্কি কম গেছে? গত শুক্রবারই ক্লিশিনার বিরুদ্ধে নতুন করে ডোপ নেওয়ার অভিযোগ ওঠে। সেটি খণ্ডানোর পর রোববার প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার অনুমতি পান। কিন্তু এত করে কী লাভ হলো ক্লিশিনার! ফিরতে তো হচ্ছে শূন্য হাতেই। এএফপি।