শূন্য হাতেই ফিরল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওয়াল, আমরা তোমাকে আজীবন ভালোবেসে যাব।’ কার্ডিফের গ্যালারিতে অজস্র প্ল্যাকার্ডের ভিড়ে তাঁর প্রতি ভালোবাসা নিবেদনের এই ছবিটা রাহুল দ্রাবিড়ের চোখে পড়েছে কি? না পড়লেও ক্ষতি নেই। জীবনের শেষ ওয়ানডে ইনিংসে আরও একবার নিজের ‘ওয়াল’ নামের যথার্থতা প্রমাণ করে দ্রাবিড় যখন ফিরছিলেন, শুধু ভারতীয়রা নয়, ইংলিশ সমর্থকেরাও দাঁড়িয়ে সম্মান জানিয়েছে। গ্যালারির দিকে ব্যাট উঁচিয়ে দ্রাবিড়ও দিয়েছেন প্রত্যুত্তর। মাত্র চারটি চার মেরেও ৭৯ বলে ‘দ্রাবিড়ীয়’ ৬৯ রান করে ফেরা, দলকে এই সফরেই প্রথমবারের মতো তিন শর বেশি স্কোর এনে দিতে সাহায্য করা—সব মিলে খেলার মাঝবিরতিতে তৃপ্তই ছিলেন দ্রাবিড়। ষষ্ঠ সেঞ্চুরি করে তাঁকে তৃপ্তি এনে দিয়েছেন বিরাট কোহলি, যিনি বুঝিয়ে দিয়েছেন দ্রাবিড়রা চলে গেলেও ভারতীয় ব্যাটিংকে বইবার মতো একটা কাঁধ প্রস্তুত। মাত্র ২৬ বলে ফিফটি করে মহেন্দ্র সিং ধোনিও অধিনায়কোচিত ইনিংস খেলেছেন। কিন্তু এই সব ছবিই শেষ পর্যন্ত ফিকে হয়ে গেল। শেষ পর্যন্ত এই ম্যাচেও জিততে পারল না ভারত!তিন দফা বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়িয়েছিল ৩৪ ওভারে ২৪১ রান। ৩২.২ ওভারে ৪ উইকেট হারিয়েই সেটি তুলে নেয় ইংল্যান্ড। পুরো সফরে গোটা দুয়েক অনুশীলন ম্যাচ ছাড়া আর কিছুই জেতা হলো না ভারতের। টেস্ট সিরিজে ৪-০, একমাত্র টি-টোয়েন্টিতে ৬ উইকেটের হার, সবশেষে ওয়ানডে সিরিজেও ৩-০।বিদায়বেলায় একটা জয় চেয়েছিলেন দ্রাবিড়। ১৬৬ রানে ইংল্যান্ডের ৪ উইকেট ফেলে দিয়ে ভারত দ্রাবিড়ের সেই চাওয়া পূরণের দিকে ভালো মতোই এগোচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত জনি বেয়ারস্টো নামের এক অভিষিক্ত তরুণ মাত্র ২১ বলে ৪১ রান করে ডি-এল সমীকরণ মিলিয়ে দেন। আর তাতেই ইংল্যান্ড জয়ী ৬ উইকেটে। অভিষেকেই ম্যাচসেরা বেয়ারস্টো।ভারতের কাছে শেষ পর্যন্ত হয়তো একটা স্বস্তিও থাকছে, সফরটা কোনো রকমে শেষ করতে পারার। একের পর এক ম্যাচ হারতে হারতে ক্লান্তির পাহাড়ও তো তাদের কাঁধে চেপে বসেছিল। শুধু পরাজয়ই নয়, এই সফরে একের পর এক খেলোয়াড়কেও চোটের কারণে হারিয়েছে ভারত। কাল ম্যাচ শেষে এই ইনজুরিকেই এক নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করেছেন ধোনি, ‘গত পাঁচ বছরেই এতগুলো চোট আমি দেখিনি। একই সিরিজে নয় থেকে ১১ জন খেলোয়াড়কে হারিয়ে ফেলার কথা আমি কখনোই ভুলব না।’ সফরের শুরুর দিকে ভারত ইনজুরির কারণে হারিয়েছে জহির খানকে। আর শেষ ম্যাচের আগের দিন প্রাভিন কুমারকে হারানোর পর ম্যাচেও ভেজা আউটফিল্ডে পিছলে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন মুনাফ প্যাটেল। তাঁর বাকি ছয় ওভার শেষ করে করতে হয়েছে কোহলির মতো খণ্ডকালীন বোলারকে। ভারত অধিনায়ক তাই অন্তত ওয়ানডে সিরিজে পরাজয়ের পেছনে ভাগ্যকেও দুষতে পারেন। একে তো পাঁচটা ওয়ানডেতেই টসে হেরেছেন ধোনি। তার ওপর ভেজা কন্ডিশনে বল হাতে নিতে হয়েছে, যখন বল গ্রিপ করা ছিল খুবই কঠিন। তার পরও ব্যর্থতা খেলোয়াড়দের ওপরই বর্তাবে। এই সফরকে ভারত যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবে। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান কেড়ে নিয়েছে এই ইংল্যান্ড। বিশ্বকাপ জয়ের মাত্র ৫ মাসের মাথায় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পাঁচে নেমে যেতে হলো ভারতকে! তিন নম্বরে থেকে সিরিজ শুরু করেছিল ভারত। ওয়েবসাইট।