বাড়ি বেলজিয়ামে। অস্ট্রেলিয়ানরা এই বেলজিয়ানকেই বধূ বেশে আপন করে নিতে চেয়েছিল লেটন হিউয়িটের সঙ্গে প্রেমের সুবাদে। কিন্তু তার পরও কিম ক্লাইস্টার্সকে যদি জিজ্ঞাসা করা হয়, নিজের দ্বিতীয় ভূমি হিসেবে যুক্তরাষ্ট্রের নামই বলবেন। ইউএস ওপেনের সঙ্গে তাঁর সম্পর্কটাই যে অন্য রকম। পরম প্রার্থিত প্রথম গ্র্যান্ড স্লাম এখানেই জিতেছেন। ক্যারিয়ারের চারটি গ্র্যান্ড স্লামের তিনটিই এখানে, দুটিই আবার জিতেছেন ২০০৯ সালে অবসর ভেঙে ফেরার পর টানা দুই বছর। সেই ইউএস ওপেনের আর্থার অ্যাশ স্টেডিয়ামে দাঁড়িয়ে পরশু ক্লাইস্টার্স দ্বিতীয়বারের মতো বলে দিলেন ‘বিদায়’।ক্লাইস্টার্সের অবসর ঘোষণা অপ্রত্যাশিত ছিল না। ইউএস ওপেন শুরুর আগেই ঘোষণা দিয়েছিলেন আর নয়। এবারই শেষ। অপ্রত্যাশিত বলতে তাঁকে দ্বিতীয় রাউন্ডেই ভক্তদের ‘গুডবাই’ জানানো। পরশু দ্বিতীয় রাউন্ডে টাইব্রেকারে গড়ানো দুই সেটেই ক্লাইস্টার্সকে হারিয়ে দিয়েছেন (৭-৬, ৭-৬) লরা রবসন। অলিম্পিকে দারুণ খেলে নজরকাড়া ব্রিটেনের অষ্টাদশী থামিয়ে দিলেন ইউএস ওপেনে ক্লাইস্টার্সের টানা ২২ ম্যাচ জয়ের রেকর্ড। ১৯৯৯ সালে নিউইয়র্কে যখন অভিষেক হয়েছিল ক্লাইস্টার্সের, রবসনের বয়স তখন মাত্র ৫ বছর। মেয়েদের শীর্ষ ১০০ খেলোয়াড়ের মধ্যে সর্বকনিষ্ঠ সেই রবসনের হাতেই বিদায় হলো মেয়েদের টেনিসের অন্যতম তারকার।প্রিয়ভাষিণী ক্লাইস্টার্সের বিদায়ে টেনিস-ভক্তদের মন নিশ্চয়ই খারাপ। কিন্তু একজন এই খবরে খুশি! ক্লাইস্টার্সের চার বছর বয়সী কন্যা জাডা। বিদায়বেলায় এই ২৯ বছর বয়সী মা-ও জানালেন, কোনো আক্ষেপ রেখে যাচ্ছেন না। বরং মেয়েকে আরও সময় দিতে পারবেন বলে খুশিই হচ্ছেন, ‘ও সব সময় ভাবে, “মা তুমি কেন আমাদের সঙ্গে বেড়াতে যাচ্ছ না?” আর আমার অবস্থাটা ছিল এমন, “একটু অপেক্ষা করো মামণি, মায়ের কাজ প্রায় শেষ।” তাই আমি মনে করি, মাকে আরও নিয়মিত কাছে পাবে বলে ও নিশ্চয়ই খুব খুশি হবে।’বুড়ো সান্তা ক্লসের কাছ থেকে সেই শৈশবে টেনিস র্যাকেট উপহার পেয়েছিলেন। এই টেনিস থেকেই জীবনের যাবতীয় পাওয়া। টেনিসের প্রতি তাই কৃতজ্ঞতার শেষ নেই ক্লাইস্টার্সের, ‘আমার জন্য এটা ছিল অবিশ্বাস্য একটা যাত্রা। টেনিসের কারণেই আমার অনেক স্বপ্ন সত্যি হতে পেরেছে। ছোটবেলায় ক্রিসমাসগাছের নিচে র্যাকেট পেয়েছিলাম, আর পেয়েছিলাম স্টেফি গ্রাফ ও মনিকা সেলেসের মতো পোশাক। আমি সেগুলো পরেই ঘুমাতে যেতাম। এতটাই রোমাঞ্চিত ছিলাম।’ ইউএস ওপেনের প্রতি তাঁর ভালোবাসার কথাও বলেছেন আবেগ জড়ানো কণ্ঠে, ‘এটা এমন একটা জায়গা যেটি আমাকে সব সময়ই ভালো করার অনুপ্রেরণা জুগিয়েছে। কখনো কখনো কিছু ব্যাপারের কারণ ব্যাখ্যা করা খুব কঠিন। আমার মনে হয়েছে, এটাই আমার অবসর নেওয়ার সবচেয়ে সঠিক জায়গা।’ এএফপি, রয়টার্স।ক্যারিয়ার হাইলাইটস গ্র্যান্ড স্লাম শিরোপা—৪টি অস্ট্রেলিয়ান ওপেন ১টি (২০১১) ইউএস ওপেন ৩টি (২০০৫, ২০০৯, ২০১০) দ্বৈতেও জিতেছেন দুটি গ্র্যান্ড স্লাম (২০০৩ ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন) বর্ষশেষের চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনবার (২০০২, ২০০৩, ২০১০) সব মিলিয়ে ৪১টি ডব্লুটিএ শিরোপা। প্রথমবার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন ২০০৩ সালের ১১ আগস্ট ক্যারিয়ার প্রাইজমানি: ২ কোটি ৪৩ লাখ ৯৫ হাজার ৮৮৮ মার্কিন ডলার, সর্বোচ্চ প্রাইজমানি জেতা নারী খেলোয়াড়দের তালিকায় তৃতীয়