একের পর এক ব্যাটসম্যান আসছেন আর ফিরে যাচ্ছেন। শেষ পর্যন্ত ২০ বলের মধ্যে ব্যাপটিস্ট ক্লাব যখন অলআউট হলো, স্কোরবোর্ডে কোনো রানই নেই। শূন্য রানেই সবাই আউট। ইংল্যান্ডের কাউন্টির একটি সিক্স-এ-সাইড ইনডোর ম্যাচে ঘটেছে এ অবিশ্বাস্য ঘটনা। গত সপ্তাহে ক্যান্টারবুরির ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটির সঙ্গে খেলছিল ব্যাপটিস্ট ক্রিকেট ক্লাব। ব্যাপটিস্টের একজন ব্যাটসম্যানও রানের খাতা খুলতে পারেননি, অতিরিক্ত কোনো রানও আসেনি। ক্রাইস্ট চার্চের মাইক রোজ যেন ঘোরের মধ্যে আছেন, ‘এখনো ব্যাপারটা আমার বিশ্বাস হচ্ছে না। ওদের শুধু একটা রান দরকার ছিল, একটা মাত্র রান।’ ক্রিকেটে শূন্য রানে অলআউট হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ১৯১৩ সালে সমারসেটের ক্লাব ল্যাংপোর্ট অলআউট হয়েছিল শূন্য রানে। ১৯৬৪ সালে কেন্টের ভিলেজ লিগের একটা ম্যাচে এই ‘কীর্তিটাই’ আবার করে দেখিয়েছিল মার্টিন ওয়াল্টার্স। বিবিসি।