কাল ব্যাট হাতে আক্ষরিক অর্থেই কিছুই করেননি। পল হ্যারিস আউট হয়েছেন শূন্য রানে। তার পরও একটা রেকর্ড হয়ে গেছে তাঁর। কারণ দক্ষিণ আফ্রিকান স্পিনার বল খেলেছেন ২৯টি। টেস্টে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়া দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এখন তিনিই। অবশ্য সব দেশ মিলে রেকর্ডটি ছোঁয়া খুবই দুঃসাধ্য একটি কাজ। ১৯৯৯ অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের জিওফ অ্যালট শূন্য রানে আউট হয়েছিলেন ৭৭ বল খেলে! অ্যালট ভেঙেছিলেন রিচার্ড এলিসনের রেকর্ড। ১৯৮৪ মুম্বাই টেস্টে সাবেক ইংলিশ পেসার ৫২ বল খেলে শূন্যতে আউট হয়ে গিয়েছিলেন। সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে অপরাজিত থাকার রেকর্ডটি অস্ট্রেলিয়ার পল শিহানের। তাঁর এই শূন্য রানের ইনিংসটিই ফলোঅনে নামা অস্ট্রেলিয়াকে টেস্টটি ড্র করতে সাহায্য করেছিল। সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার ‘সেরা’ ১০ তালিকার আটে আছেন বাংলাদেশের সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম। ২০০২ কলম্বো টেস্টে ৪১তম বলে আউট হয়েছিলেন এই বাঁহাতি।