শূন্যের হ্যাটট্রিক গম্ভীরের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষে শূন্য রানে বোল্ড হলেন গম্ভীর।
আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষে শূন্য রানে বোল্ড হলেন গম্ভীর।

গৌতম গম্ভীরের হলোটা কী! তিনি কি ব্যাটিং ভুলে গেলেন? ভুলেই তো গেছেন, তা না হলে ভারতীয় ক্রিকেটের অনন্য প্রতিভাবান ব্যাটসম্যানটি কিনা এবারের আইপিএলে এখনো রানের খাতা খোলেননি। পরপর তিন ম্যাচে তিনটি ‘শূন্য’ প্রশ্ন তুলে দিয়েছে তাঁর সামর্থ্য নিয়েই। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবেও তাঁর অবস্থান এই মুহূর্তে প্রশ্নবিদ্ধ। তবে কি শেষই হয়ে গেলেন ভারতীয় ক্রিকেট দলে অনেক দিন ধরেই অপাঙক্তেয় এই বাঁ-হাতি উদ্বোধক?
প্রথম দুটি ম্যাচে গোল্ডেন ডাকের শিকার গম্ভীর আজ বেঙ্গালুরুর বিপক্ষেও আউট হয়েছেন রানের খাতা না খুলেই! তিনি আজ শিকার মিচেল স্টার্কের। পরপর তিনটি ম্যাচে শূন্য হাতে ফেরা যেকোনো বিচারেই ভুলে যাওয়ার মতো এক রেকর্ড।
ভারতের টি-টোয়েন্টি লিগে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ড এখন গম্ভীরের দখলে। ৯১ ম্যাচে ১০ বার ফিরেছেন শূন্য রানে। এছাড়া অমিত মিশ্র ও জ্যাক ক্যালিস ডাক মেরেছেন নয়বার।
তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গম্ভীরের রেকর্ড অবশ্য বলার মতোই। ৩৭ ম্যাচে ৩৬ ইনিংসে গম্ভীর শূন্য রানে ফিরেছেন মাত্র দুবার। দুটি শূন্যই তাঁর পাকিস্তানের বিপক্ষে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। আউট হওয়ার ধরনও এক! প্রথম শূন্য রানে ফিরেছেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে, মোহাম্মদ আসিফের বলে কট অ্যান্ড বোল্ড। দ্বিতীয়বার শূন্য ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে, রাজা হাসানের বলে কট অ্যান্ড বোল্ড।
চলতি আইপিএলে প্রথম দুই ম্যাচে নিজের ব্যর্থতা নিয়ে রসিকতা করে কলকাতার একটি দৈনিকে লিখেছিলেন, তাঁর এই ব্যর্থতার কারণ নাকি ডিনারে পেট পুরে হাঁস খাওয়া। শূন্য দিয়ে হ্যাটট্রিক পূরণ হওয়ার পর এবার কলকাতা অধিনায়কের আর বলার কী থাকতে পারে!