শৃঙ্খলা কমিটির মুখোমুখি তেভেজ
গত মাসে চ্যাম্পিয়নস লিগের খেলায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে অস্বীকৃতি জানানোয় কার্লোস তেভেজকে দুই সপ্তাহের বহিষ্কারাদেশ দিয়েছিল ম্যানচেস্টার সিটি। এবার ইংলিশ এই শীর্ষ ক্লাবটির আইনশৃঙ্খলা কমিটির মুখোমুখিও হতে হবে তেভেজকে। আজ শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা আর্জেন্টাইন এই স্ট্রাইকারের শুনানি। আরও বেশ কিছু অভিযোগে অভিযুক্ত তেভেজের বিরুদ্ধে পরবর্তী সপ্তাহের শুরুতেই শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দিতে পারে ম্যানসিটি। তবে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে পাল্টা আবেদন করবেন বলে জানিয়েছেন তেভেজও।ম্যানচেস্টার সিটির জ্যেষ্ঠ একজন কর্মকর্তা আজকের এই শুনানিতে সভাপতিত্ব করবেন। ম্যানসিটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানিকেও এ শুনানিতে উপস্থিত থাকার অনুরোধ জানাতে পারেন তেভেজ। এখানে দোষী প্রমাণিত হলে ম্যানসিটির বোর্ডের কাছে আবারও পাল্টা আবেদন করার সুযোগ পাবেন ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার। তবে এখানে উপস্থিত থাকতে হবে ক্লাবটির মালিক পক্ষের কোনো প্রতিনিধিকে। আর তাতেও কাজ না হলে তেভেজ যেতে পারবেন প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের কাছে। তবে এত ঝামেলায় না গিয়ে তেভেজকে দলবদলের পরবর্তী মৌসুমে বিক্রি করে দেওয়া হতে পারে বলেই ধারণা করছেন অনেকে। বিবিসি অনলাইন।