শৃঙ্খলা কমিটির মুখোমুখি হতে হবে আফ্রিদিকে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও পাকিস্তান ক্রিকেট বোর্ডের রোষানল থেকে মুক্তি মিলছে না শহীদ আফ্রিদির। আচরণবিধি ভঙ্গের অভিযোগে কয়েকদিন আগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল এই অলরাউন্ডারকে। এবার তাঁকে তিন সদস্যের শৃঙ্খলা কমিটির সামনেও তাঁর অনেক আচরণের জবাবদিহি করতে হবে।অধিনায়কত্ব কেড়ে নেওয়ার ক্ষোভে গত সোমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে শর্তসাপেক্ষে অবসরের ঘোষণা দিয়েছিলেন আফ্রিদি। এর পরের দিনই তাঁর সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। আর গতকাল এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘শফিক আহমেদ, সুলতান রানা ও উসমান ওহলার সমন্বয়ে গঠিত তিন সদস্যের শৃঙ্খলা কমিটির সামনে আফ্রিদিকে হাজির হতে হবে ৮ জুন।’পিসিবি প্রশাসনের প্রধান নির্বাহী অফিসার সুবহান আহমেদ বলেছেন, ‘আফ্রিদি গত ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্তও পাকিস্তানের অধিনায়ক ছিল। তাঁর মতো একজন ক্রিকেটারের সঙ্গে এ ধরনের বিবাদে জড়ানো আমাদের জন্য খুব দুঃখজনক। পাকিস্তানের ক্রিকেটে আফ্রিদি অনেক অবদান রেখেছেন। কিন্তু আমার মনে হয়, সবার মনে রাখা উচিত, এটা পুরোপুরিই একটা শৃঙ্খলাবিষয়ক ইস্যু। সবাই যেন সর্বক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধ থাকে, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার। তবে আমরা এটা নিশ্চিত করছি, আফ্রিদিকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দেওয়া হবে।’শৃঙ্খলা কমিটির এই সভার পর আফ্রিদিকে ৫৯ হাজার ডলার জরিমানা এবং ১৫ মাসের জন্য নিষিদ্ধ করা হতে পারে বলে আশঙ্কা করছে অনেক পাকিস্তানি গণমাধ্যম।— ওয়েবসাইট।