শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকায় শাহরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম্পায়ারের বাজে সিদ্ধান্তে আউট হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাঠের বাইরে এসে। তার পরও ‘শাস্তি’ পেতে হলো বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক শাহরিয়ার নাফীসকে। তবে শাস্তি ম্যাচ রেফারি দেননি, দিয়েছেন স্বয়ং ‘এ’ দলেরই কোচ স্টুয়ার্ট বার্নস। বেঙ্গালুরুর শাফি দারাশাহ ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের এক ম্যাচ বাকি থাকতেই অধিনায়ককে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছেন তিনি।ঘটনার সূত্রপাত কর্ণাটক কোল্টস একাদশের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে। প্যাডে লেগে ওঠা ক্যাচে শাহরিয়ার নাফীসকে আউট দেন আম্পায়ার। মাঠের বাইরের প্লেয়ার্স এরিয়ায় এসে শাহরিয়ার আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ ঝাড়তে থাকেন, যা ওই সময় মাঠে উপস্থিত দুই দলের খেলোয়াড়-কর্মকর্তারাই দেখেছেন।এটা ছাড়াও ওই ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে আম্পায়ার আরও তিনটি বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন বলে কাল দেশে ফিরে অভিযোগ করেছেন শাহরিয়ার। কোনো কোনো খেলোয়াড় মাঠেই সেসবের প্রতিবাদ করেছেন। ম্যাচ শেষে ম্যাচ রেফারির শুনানিতে এ জন্য দুঃখ প্রকাশ করেছেন অধিনায়ক। তবে শুনানিতে তাঁর বিরুদ্ধে অসদাচরণের কোনো অভিযোগ আনা হয়নি বলে দাবি শাহরিয়ারের, ‘আমার বিরুদ্ধে এ রকম কোনো অভিযোগ আনা হয়নি, কারণ মাঠের ভেতর আমি আম্পায়ারের উদ্দেশে একটা শব্দও উচ্চারণ করিনি। যা বলেছি প্লেয়ার্স এরিয়ায় এসে বলেছি। মাঠের বাইরে এসে ক্ষোভ প্রকাশ করা যায়-ই। সবাই তাই করে।’তাহলে কোচ কেন এত বড় শাস্তি দিলেন? উত্তর নেই শাহরিয়ারের কাছেও, ‘আমি নিজেও জানি না...। ওই ম্যাচের পর কোচ বললেন, তুমি পরের ম্যাচে খেলছ না। এরপর কাল (পরশু) রাতে ম্যানেজার, নির্বাচক ও শেফ দ্য মিশনের সামনে বললেন, তুমি দেশে ফিরে যাচ্ছ।’ কাল দুপুরে ঢাকায় ফেরার পর আরও বিস্তারিত ব্যাখ্যা পেয়েছেন বিসিবির কাছ থেকে, ‘ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে বলা হয়েছে, আমার গত এক মাসের আচরণ নাকি তাদের কাছে সুশৃঙ্খল মনে হয়নি। সেজন্য কোচ এবং ক্রিকেট পরিচালনা বিভাগ আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।’ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সাব্বির খানও শাহরিয়ারকে দেশে ফিরিয়ে আনার এই কারণটাই বলেছেন। তবে মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘দল দেশে ফিরলে আমরা এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করব।’জানা গেছে, ভারতে যাওয়ার আগে খুলনায় ‘এ’ দলের অনুশীলন ক্যাম্পে বাড়তি রানিং করানো নিয়ে কোচ-ট্রেনারের সঙ্গে এক চোট হয়েছিল শাহরিয়ার ও আরও দু-তিনজন খেলোয়াড়ের। শাহরিয়ারের সঙ্গে কোচের রেষারেষির শুরু সেই থেকে।