শৃঙ্খলা ভেঙে বিপাকে এমিলিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়মতো রিপোর্ট না করায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছয় খেলোয়াড়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৫ মার্চে ভারতের সঙ্গে প্রীতি ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। ফুটবল ভবনে পরশু ম্যানেজার ইকবাল হোসেনের কাছে রিপোর্ট করার কথা ছিল সবার। কিন্তু এসেছিলেন প্রাথমিক দলে ডাক পাওয়া চার নতুন মুখ—জুয়েল রানা, রুবেল মিয়া, টুটুল হোসেন (বাদশা) ও আমিনুর রহমান। প্রিমিয়ার লিগের প্রথম পর্বে নিজেদের সব ম্যাচ শেষ হলেই শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়াচক্র তাদের ফুটবলার ছাড়বে। তারা ফেডারেশনের পূর্বানুমতি নিয়ে রেখেছে। ম্যানেজারকে আগেই জানিয়ে আবাহনীর মিশু, তৌহিদ, শাহেদ ও সোহেলরা সরাসরি অনুশীলনে যোগ দিয়েছেন কাল। কিন্তু জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া দূরে থাকুক, রিপোর্টই করেননি মোহামেডানের ছয় ফুটবলার—এমিলি, জাহিদ, ইমন, তপু, মামুন খান ও হেমন্ত। এ ব্যাপারে এই খেলোয়াড়দের কাছে জানতে চাইলে কেউই কোনো উত্তর দেননি। প্রাথমিক দলের ২৮ খেলোয়াড়কে নিয়ে কাল দুপুরে এক জরুরি সভায় বসেন কোচ লোডভিক ডি ক্রুইফ। সভায় যোগ দিতে এলে মোহামেডানের ছয় ফুটবলারের হাতে ধরিয়ে দেওয়া হয় কারণ দর্শানো নোটিশ।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আভাস দিলেন নিয়মভঙ্গ এবং শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য শাস্তিই দেওয়া হতে পারে মোহামেডানের ছয় ফুটবলারকে, ‘কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই তারা কেউ রিপোর্ট করেনি। এটা ফেডারেশনের শৃঙ্খলাবিরোধী। বেঁধে দেওয়া ১০ ঘণ্টা সময়ের মধ্যে যুক্তিগ্রাহ্য উত্তর পেলে হয়তো বিষয়টা ভেবে দেখা হবে। তা না হলে বহিষ্কার করা হতে পারে ওদের।’
লিগে মোহামেডানের প্রথম পর্ব শেষ, আপাতত ফুটবলাররা রয়েছেন বিশ্রামে। তার পরও এই ছয় ফুটবলার কেন এলেন না? ফুটবলপাড়ায় গুঞ্জন, ভারত সফরে ম্যানেজার করা হয়েছে ইকবাল হোসেনকে। কিন্তু বাফুফের আরেক সদস্য ও মোহামেডানের ফুটবল ম্যানেজার আমিরুল ইসলামও এই পদের দাবিদার ছিলেন। এটা নিয়েই নাকি ‘ঝামেলা’। এমনিতেই অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না ডি ক্রুইফ। শেখ জামাল ও শেখ রাসেলের ফুটবলাররা ক্যাম্পে যোগ দেবেন আগামীকাল। ২ মার্চ ভারতের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে কার্যত অনুশীলন হবে মাত্র দুই দিনের। তার ওপর ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা।
কাল সকালে মাত্র আট ফুটবলারকে নিয়ে ঘণ্টা দেড়েক অনুশীলন করিয়েছেন ডি ক্রুইফ। ভারতে গিয়ে প্রীতি ম্যাচেই কি লজ্জা কুড়াবে বাংলাদেশ?