শৃঙ্খলার বলি ওয়াটসন-প্যাটিনসন!
ক্রিকেট খেলাটা অস্ট্রেলিয়ানরা খেলে নিজেদের মতো। মাঠের ভেতরে-বাইরে তাদের আছে নিজস্ব ধারা, নিজস্ব বিধি ও ধরন। সেসবের সঙ্গে আপস করে সামান্যই। তারই যেন প্রমাণ মিলল আরেকবার। হায়দরাবাদ টেস্টের পর ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সে উন্নতির জন্য দলের প্রত্যেক ক্রিকেটারের কাছে তিনটি করে পয়েন্ট জানতে চেয়েছিলেন কোচ মিকি আর্থার। কিন্তু সাড়া দেননি শেন ওয়াটসন, জেমস প্যাটিনসন, মিচেল জনসন ও উসমান খাজা। শাস্তি হিসেবে চারজনকেই মোহালিতে সিরিজের তৃতীয় টেস্টে বিবেচনার বাইরে রাখছে অস্ট্রেলিয়া!প্যাটিনসন সিরিজে অস্ট্রেলিয়ার সফলতম বোলার আর মোহালি ভারতের সবচেয়ে পেসবান্ধব উইকেট। মোহালিতে খেলার সম্ভাবনা ছিল জনসনেরও। প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার নির্বিষ বোলিং আক্রমণ তাই আরও দুর্বল হতে যাচ্ছে বাঁচা-মরার ম্যাচে। শেন ওয়াটসন তো দলের সহ-অধিনায়কই। কোচ আর্থার নিজেই জানিয়েছেন, কাল সকালে খবরটি দেওয়ার পর চারজনই স্তম্ভিত হয়ে গেছেন। ওয়াটসন কালই উঠেছেন দেশের বিমানে। টিম ম্যানেজমেন্টের যদিও দাবি, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই দেশে ফিরেছেন ওয়াটসন। ব্যাপারটা যে জলবৎতরলং নয়, পরিষ্কার হয়েছে কালই। ভারত তো ছেড়েছেনই, ওয়াটসন ছেড়ে দিতে পারেন টেস্ট ক্রিকেট। শাস্তিটা ‘খুব রূঢ়’ হয়েছে জানিয়ে অভিমানী ওয়াটসন বলেছেন, ‘ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে হবে, সামনের কদিন পরিবারের সঙ্গে কথা বলে ঠিক করব।’গত মঙ্গলবার টেস্ট শেষ হওয়ার পর রাতেই শিষ্যদের কাছে তিনটি পয়েন্টের কথা জানান আর্থার। সময় দেওয়া ছিল শনিবার রাত পর্যন্ত। ফোনে, খুদে বার্তায়, ই-মেইলে, রুমের দরজার নিচ দিয়ে চিরকুট পাঠিয়ে, এমনকি সরাসরিও আর্থারের রুমে গিয়েও অনেক ক্রিকেটার জানিয়ে এসেছেন তাঁদের ভাবনা। কিন্তু এই চারজনের কাছ থেকে সাড়া মেলেনি। দলীয় শৃঙ্খলার সঙ্গে কোনো আপস নয়, এই বার্তাটাই সবাইকে আরেকবার দিতে চাইছেন আর্থার, ‘টেকনিক্যালি, মানসিকভাবে এবং দলীয়ভাবে কীভাবে পরের দুই টেস্টে উন্নতি করা যায়, এসব নিয়ে তিনটি করে পয়েন্ট জানতে চেয়েছিলাম সবার কাছে। দুর্ভাগ্যজনকভাবে ওরা চারজন সাড়া দেয়নি। বিশ্বের সেরা দল হতে গেলে আচরণ-মানসিকতাতেও সেরা হতে হবে, কঠিন ও নির্মম হতে হবে। আপাতদৃষ্টিতে ঘটনাটিকে ছোট মনে হতে পারে। কিন্তু বিশ্বসেরা দল হওয়ার দিকে এগোতে হলে এ মুহূর্তে কঠোর না হয়ে উপায় নেই।’খাজার আচরণ নিয়ে প্রশ্ন আছে এমনিতেও। তবে ওয়াটসন-জনসনের মতো দুজন সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধেও এমন কঠোর পদক্ষেপ অবাক করেছে অনেককেই। আর্থার সেটার ব্যাখ্যাও দিলেন, ‘ওয়াটসনের মানসিকতা নিয়ে কখনো এক মুহূর্তের জন্যও সংশয় জাগেনি। ও খুবই পেশাদার, ম্যাচের আগে প্রস্তুতিও খুব ভালো নেয়। ওয়াটসন-জনসনের মতো পেশাদার ও দলের নেতাদের বিরুদ্ধে এই পদক্ষেপ না নিতে হলেই আমার ভালো লাগত। আর এ ঘটনা থেকে উসমান বুঝবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল মানে খুব সিরিয়াস একটা ব্যাপার।’ ওয়াটসন ও প্যাটিনসন নাকি কালকেই নিজেদের পয়েন্টগুলো জানাতে চেয়েছিলেন। আর জনসন ও খাজা ভুলে গিয়েছিলেন। কিন্তু ওই যে, শৃঙ্খলার সঙ্গে আপস নয়!অস্ট্রেলিয়ার সাবেকেরা অবশ্য ধুয়ে দিয়েছেন টিম ম্যানেজমেন্টকে। ধারাভাষ্য দিতে ভারতেই থাকা অ্যালান বোর্ডার বিস্মিত, ‘এত মামুলি ব্যাপারে এত বড় শাস্তি হওয়ায় আমি বিস্মিত। এটা কি স্কুলছাত্রদের দল নাকি!’ আকাশ থেকে পড়েছেন মার্ক ওয়াহ, ‘কোনো খেলাতেই শীর্ষ পর্যায়ে এমন কিছু আমি আগে শুনিনি। এটা স্কুল ক্রিকেট নয়, অনূর্ধ্ব-৬ দল নয়, এটা টেস্ট ক্রিকেট!’ টম মুডির পরামর্শ, ‘আমার অভিজ্ঞতা বলে লেখালেখির কাজটা ঠিক ক্রিকেটারদের নয়। লিখতে না পারাটাই স্বাভাবিক...মাঠের ব্যাপারেই মনোযোগ দিলে হয় না?’ আর ‘চিরশত্রু’ ইংল্যান্ডের ড্যারেন গফের খোঁচা, ‘ক্রিকেটে এখন অনেক অর্থ। তবে আমি খুশি, এমন এক সময়ে খেলেছি যখন ক্রিকেট অনেক উপভোগ্য ছিল আর রান করা ও উইকেট নেওয়াটাই মূল ব্যাপার ছিল!’ ওয়েবসাইট।