নাজমুল হাসান একজন সাংসদ। নাজমুল হাসান দেশের একটি শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি। নাজমুল হাসান রাষ্ট্রপতি-তনয়ও। তবে এই তিন পরিচয়ের কোনোটি দিয়েই কি তিনি কখনো পেয়েছেন এমন রাজকীয় অভ্যর্থনা?সরকারি সফরে কুয়েতে ছিলেন। কাল তাঁর দেশে ফেরার সময়টিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যান্ড বাজল, মোটর শোভাযাত্রা হলো, সেই শোভাযাত্রা থেকে পাজেরোর ছাদ খুলে নাজমুল হাসান হাত নাড়লেন। হাত নেড়ে যেন বলছিলেন, ‘দেখো, আমি এবার বিসিবির সভাপতিও।’ মনে হচ্ছিল, নাজমুল হাসান হয়তো এবারই তাঁর আসল ঠিকানাটি খুঁজে পেলেন।তবে বিসিবির সভাপতি মানে যে এত বিশাল একটা ব্যাপার, সেটা বোধহয় নাজমুল হাসানও বুঝতে পারেননি আগে। বিমানবন্দরে বিসিবির সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে বললেন, ‘প্লেন থেকে নামার আগ পর্যন্ত কাজটাকে যতটা চ্যালেঞ্জিং ভেবেছিলাম, এখন মনে হচ্ছে তার চেয়ে একটু বেশিই চ্যালেঞ্জিং। বিসিবির সভাপতিকে নিয়ে আপনাদের এত উৎসাহ দেখে ভয় লাগছে। এ অবস্থা হবে, এটা আমার ধারণা ছিল না।’চ্যালেঞ্জ মোকাবিলার সাহসটাও কালই পেয়ে গেছেন নাজমুল হাসান। নতুন বোর্ড সভাপতিকে অভ্যর্থনা জানাতে তাঁর পেশাগত কর্মস্থল এবং রাজনৈতিক অঙ্গনের লোকই বিমানবন্দরে বেশি ভিড় করলেও ছিলেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও খালেদ মাহমুদ, বিসিবির কর্মকর্তা-কর্মচারীরাও। তাঁদের দেখিয়ে বললেন, ‘গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এসে পড়েছে আমার ওপর। সাধারণত এ রকম দায়িত্ব এলে ভয় লাগে। তবে আমার তেমন ভয় লাগছে না। আশপাশে যাঁদের দেখছেন, তাঁরাই এর সবচেয়ে বড় কারণ। বাংলাদেশের ক্রিকেট আজ যে জায়গায় এসেছে, তার পেছনে ওনাদেরই সবচেয়ে বড় অবদান।’বিসিবির নির্বাচনে সাবেক ক্রিকেটারদের আরও বেশি ভোটাধিকার থাকা উচিত বলে মনে করেন বিসিবির নতুন সভাপতি। তাঁর চোখে, বাংলাদেশের ক্রিকেটের ভিত এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় শক্ত। তার পরও যদি কোথাও পুনর্বিন্যাসের প্রয়োজন হয়, সবাইকে নিয়েই সেটা করতে চান। তবে একটা জায়গায় যে কাউকেই ছাড় দেবেন না, প্রথম সাক্ষাতেই জানিয়ে দিয়েছেন নাজমুল হাসান, ‘নিয়মকানুন ভাঙলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা কারও কোনো কিছুতে হস্তক্ষেপ করতে রাজি নই। সবাই নিজস্ব দায়িত্ব অনুযায়ী কাজ করবে। কিন্তু শৃঙ্খলা ভঙ্গ করে নয়। এ ধরনের জিনিস কখনোই বরদাশত করা হবে না।’আগামী ২৮ নভেম্বর শেষ হয়ে যাচ্ছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ। গঠনতন্ত্রের প্রস্তাবিত সংশোধনী জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অনুমোদিত হয়ে এলে পরবর্তী নির্বাচনে বোর্ড সভাপতিকেও কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। কিন্তু নির্বাচনের আগে অন্য পরিচালকদের মতো সভাপতিকেও পদত্যাগ করেই নির্বাচনে অংশ নিতে হবে কি না, সে ব্যাপারে সংশোধনী প্রস্তাবে কোনো ব্যাখ্যা দেওয়া নেই। নির্বাচন করলে নির্বাচনের আগে সভাপতির পদত্যাগ তাই নির্ভর করছে তাঁর ইচ্ছার ওপর।সরকার মনোনীত সভাপতির দায়িত্ব পাওয়ার আগেই যেহেতু নাজমুল হাসান পরবর্তী বোর্ড নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন, প্রশ্ন জাগছে, তিনি কি পদত্যাগ করেই নির্বাচনে অংশ নেবেন? নতুন সভাপতির উত্তর, ‘আগে গঠনতন্ত্র দেখতে হবে, সেখানে আসলে কী আছে। গঠনতন্ত্রে যদি ফাঁকফোকর কিছু থাকে, সেটা আগে আমাদের সংশোধন করে নিতে হবে। এটা সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে।’ সঙ্গে জানিয়ে দিলেন বিসিবিতে নির্বাচিত সভাপতি আনার পক্ষে তিনিও, ‘আমি সব সময় নির্বাচনের পক্ষে। মনোনয়ন নিয়ে আসার চেয়ে নির্বাচিত হয়ে আসাই ভালো। বেশির ভাগ মানুষ যাকে চায়, তারই সভাপতি হওয়া উচিত।’