শেখ কামাল অ্যাথলেটিকস একাডেমির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত শেখ কামাল অ্যাথলেটিকস একাডেমির কার্যক্রম অবশেষে শুরু হচ্ছে। কাল জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এই একাডেমির উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
এই একাডেমির জন্য জমি বরাদ্দ হয়েছে কি না জানা যায়নি। চাহিদামতো আবাসনের ব্যবস্থাও হয়নি। তারপরও কার্যক্রম শুরু করতে যাচ্ছেন ফেডারেশনের কর্মকর্তারা। আগামী মাসেই চালু হবে কার্যক্রম। শুরুতে হবে কোচেস ও জাজেস কোর্স। এরপর অ্যাথলেটদের নিয়ে চলবে আবাসিক ক্যাম্প। কাল ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবির একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘অবশেষে বহুদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। এটা প্রতিষ্ঠার জন্য চেষ্টা শুরু করি ২০১২ সালে। ক্লাস শুরুর কথা ছিল ২০১৩ সালের জানুয়ারি থেকে। কিন্তু নির্ধারিত সময়ে শুরু করতে পারিনি। দেরিতে হলেও শুরু করতে পেরে আমি খুশি।’ দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদও উচ্ছ্বসিত এই একাডেমির কার্যক্রম শুরু হতে দেখে, ‘অবশ্যই এটা ভালো উদ্যোগ। এই একাডেমিতে যদি আমরা যথাযথ অনুশীলন করতে পারি তাহলে অ্যাথলেটিকসের গৌরব আবার ফিরিয়ে আনা সম্ভব হবে।’
অনুষ্ঠান শেষে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ৩৪ জন সংগঠক ও অ্যাথলেটকে সংবর্ধনা দেয় ফেডারেশন।