শেখ জামাল চ্যাম্পিয়ন, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামাল ২: ২ ব্রাদার্সশেখ জামাল চ্যাম্পিয়ন। শেখ জামাল চ্যাম্পিয়ন নয়। কোনটা সত্য? কঠিন প্রশ্ন। উত্তর মিলবে আরও কয়েকটা দিন পর। তবে ব্রাদার্সের বিপক্ষে লিগে নিজেদের শেষ ম্যাচে শেখ জামাল প্রয়োজনীয় ড্রটা (২-২) তুলে নিয়েছে, ২২ ম্যাচে সর্বোচ্চ ৫১ পয়েন্ট পাওয়া দলকে আপাতত চ্যাম্পিয়ন বলতে তাই কোনো বাধা নেই।কিন্তু চূড়ান্ত ঘোষণা দেওয়া যাচ্ছে কি? এবার উত্তর —‘না’। ১১ জুন শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচ পাতানো ছিল বলে ওঠা অভিযোগের যে তদন্ত শেষ হয়নি। বাংলাদেশ লিগ কমিটি তদন্ত শেষে রিপোর্ট দেবে বাফুফের সভাপতিকে। সেটির ভিত্তিতে শেখ জামাল পাতানো অভিযোগ থেকে মুক্তি অথবা শাস্তি পেতে পারে। শাস্তি যদি হয় পয়েন্ট কর্তন, শিরোপা হাতে উঠতে গিয়ে না-ও উঠতে পারে।সেটি ভবিতব্য। তার জন্য তো বসে থাকা চলে না। তাই কাল শেষ বাঁশির পর অভিষেকেই বাংলাদেশ লিগ জয়ের উৎসবটা সেরে ফেলল জামাল। কোচ পাকির আলীকে মাথায় তুলে নিলেন খেলোয়াড়েরা। পাকিরই দলটিকে এত দূর নিয়ে এসেছেন। ফেডারেশন কাপ জেতা যায়নি, লিগের প্রথম চার ম্যাচে মাত্র ৬ পয়েন্ট। পাকির ঢাকায় পা রাখার দিনই দেখলেন আরামবাগের কাছে দলের হার। ছন্নছাড়া দল উঠে দাঁড়াল, তবে স্বাধীনতা কাপও থাকল অধরা। লিগেও একসময় ছিল তৃতীয় স্থানে। শেষ দিকে মুক্তিযোদ্ধা ৩ ম্যাচে ৭ পয়েন্ট হারানোয় সুযোগ এসে যায় লিগটা অন্তত ঘরে তোলার।এই ‘মাহেন্দ্রক্ষণ’কে বরণ করতে আগের ম্যাচের মতোই এদিন ‘বিশেষ ব্যবস্থায়’ কয়েক হাজার সমর্থক এসে হাজির। তবে হলুদে সজ্জিত এই সমর্থকদের উপস্থিতি বড় একটা সময় পর্যন্ত ছিল প্রাণহীন। উল্টো পড়েছিল স্নায়ুুর পরীক্ষায়! আর একটু হলেই শেখ জামালের উৎসব মাটি করে দিতে বসেছিল ব্রাদার্স! পাতানো খেলা নিয়ে শোরগোলের ফল কিনা, ব্রাদার্স এই ম্যাচে বিষধর সাপ হয়ে ফণা তুলল। ম্যাচটা জিতে যাওয়ার মতো অবস্থায়ই চলে গিয়েছিল গোপীবাগের দলটি!তারই ফল—দারুণ প্রতিদ্বন্দ্বিতামুখর এবং লিগের অন্যতম সেরা ম্যাচ হয়ে গেল এটি। আগে গোল খাওয়া জামাল দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুই গোল করে হাঁফ ছেড়ে বাঁচল। ব্রাদার্স ২-২ করে ফেলার পর আরেকটা গোল পেলে তো লিগটাই পৌঁছে যেত নাটকের ক্লাইম্যাক্সে!তখন মুক্তিযোদ্ধা শেষ ম্যাচটা জিতলে শেখ জামালের সমান ৫০ পয়েন্ট হতো। শিরোপার মীমাংসায় জামাল-মুক্তিযোদ্ধা খেলত প্লে-অফ। সেটির দরকার হয়নি ম্যাচ ড্র হয়ে যাওয়ায়। জামাল নেমেছিল জয়ের আশায়। কিন্তু শুরুতেই খেয়ে বসল গোল। ১২ মিনিটে ডিফেন্ডার মিশুর গা-ছাড়া মনোভাবে বল কেড়ে গোলের রাস্তা তৈরি করলেন ম্যাচে নজরকাড়া ব্রাদার্সের ব্রাজিলিয়ান প্লে-মেকার এভারটন। দুজন খেলোয়াড়কে কাটিয়ে বল দিলেন ফয়সাল মাহমুদকে। এরপর দারুণ শটে নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলের গোল।প্রথমার্ধে গোল না পাওয়ায় দুশ্চিন্তা বাড়ছিল শেখ জামালের। এরই মধ্যে বদলি হিসেবে মাঠে নামেন বেঞ্চকেই প্রায় স্থায়ী ঠিকানা বানিয়ে ফেলা এনামুল-এমিলি। কিন্তু গোল আসছিল না। অবশেষে গোলের দুয়ার খুলল ৬২ মিনিটে। বক্সে ব্রাদার্সের ডিফেন্ডার আশরাফুলের হাতে বল লাগায় পেনাল্টি। তা থেকে গোল করতে ভুললেন না ডিফেন্ডার সুজন।দ্রুতই দৃশ্যপট বদল। এতক্ষণ হারের শঙ্কায় কাঁপতে থাকা জামালের অনুকূলে হঠাৎ স্কোর লাইন ২-১। ৬৫ মিনিটে নাইজেরিয়ান ফেমির ক্রসে ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড চিকোর হেডে লক্ষ্যভেদ। ৫ মিনিট পরই পেনাল্টি থেকে এভারটনের গোলে ২-২। জামাল আবার কাঁপতে শুরু করেছিল। গোলরক্ষক আমিনুলের দৃঢ়তায় এল কাংখিত এক পয়েন্ট।তাই চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ নিয়েই ঘরে ফিরেছে শেখ জামাল। কিন্তু মনের অস্বস্তিটা কি যাচ্ছে? না যাওয়ারই কথা। পাতানো খেলার ব্যাপারে বাফুফে যে একটা হুমকি দিয়ে রেখেছে!