শেখ জামাল চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমীকরণটা ছিল সহজ। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে লিগে নিজেদের শেষ ম্যাচে জয়ের প্রয়োজন নেই। চ্যাম্পিয়নের মুকুট পড়তে একটি ড্র-ই যথেষ্ট। মাঠের লড়াইয়ে সেই ‘কাঙ্ক্ষিত’ ড্র তুলে নিয়েই বাংলাদেশ লিগের শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে শেখ জামাল ধানমন্ডি।খেলার শুরুটা ছিল ব্রাদার্সের দিকেই। মাত্র ১২ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন কিংসলে। প্রথমার্ধে গোল বলতে এই একটিই। খেলার ৬২ মিনিটে শেখ জামালকে সমতায় ফেরান সুজন। এর মিনিট তিনেক পর গোল করে দলকে এগিয়ে শেখ জামালের চিকো। খেলার ৭০ মিনিটে ব্রাদার্সকে সমতায় ফেরান এভারটন। খেলার বাকি সময়ে আর গোল না হওয়ায় ম্যাচের ফল দাঁড়ায় ২-২। ম্যাচ ড্র—আর শিরোপা শেখ জামালের!শেখ জামালের অনাবিল আনন্দে মেতে ওঠার পেছনে বড় বাধা হয়ে আছে একটা ‘কলঙ্ক’। গত ১১ জুন রহমতগঞ্জ-শেখ জামাল ম্যাচপাতানো ছিল বলে ওঠা অভিযোগের তদন্ত যে এখনো শেষ হয়নি! বাংলাদেশ লিগ কমিটি শেখ জামাল ও রহমতগঞ্জকে ডেকে জেরা করেছে। কমিটি শিগগিরই প্রতিবেদন দেবে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে। সেই প্রতিবেদনের ভিত্তিতে কী হবে পরবর্তী সিদ্ধান্ত, সেটার ওপরই ঝুলে থাকবে চ্যাম্পিয়নশিপ। তবে বাফুফে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কাগজে-কলমে শেখ জামালকে চ্যাম্পিয়ন বলতে বাধা নেই।