শেখ জামাল থেকে পাকিরের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎই ঘটে গেল সবকিছু। সুপার কাপের সেমিফাইনালে মোহামেডানের কাছে ৪-২ গোলের হার মেনে নিতে পারেনি শেখ জামাল কর্তৃপক্ষ। পরদিনই পাকির আলীকে ডেকে বলে দেওয়া হয়, নিজের রাস্তা দেখুন। কাল দুপুরে স্বদেশে ফিরে গেছেন শেখ জামালের শ্রীলঙ্কান কোচ। এ মৌসুমে সেরা দল গড়ার পর মাঠের লড়াইয়ে যখন ছন্নছাড়া শেখ জামাল, তখনই সার্বিয়ান কোচ জোরান কার্লেভিচকে বিদায় করা হয়। ফেডারেশন কাপের ফাইনালে হার, তারপর লিগের প্রথমেই বিধ্বস্ত হয়ে পড়া জামাল উড়িয়ে আনে পাকির আলীকে। পাকির শেখ জামালকে লিগ শিরোপা উপহার দিয়েছেন, যদিও পাতানো খেলার দায়ে শিরোপাটা প্রশ্নবিদ্ধ। এই অবস্থায় শোনা গিয়েছিল, আগামী মৌসুমের জন্য পাকিরের চাকরি প্রায় পাকাই হয়ে গেছে জামালে। কিন্তু দলটি শেষ পর্যন্ত পাকিরকে বিদায়ই করে দিল। নতুন কোচের সন্ধানে নেমেছে তারা। ক্লাব সূত্র জানিয়েছে, নতুন কোচের তালিকায় আছেন মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক এবং সাইফুল বারী টিটো। দুই-এক দিনের মধ্যে এই দুজনের একজনকে নিয়োগ দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের দাবি, কোচের স্বাধীনতাই বড় সমস্যা শেখ জামালে। যে কারণে তাদের পক্ষে পছন্দের কোচ পাওয়া বেশ কঠিন।