শেখ জামাল-ব্রাদার্স প্রশ্নবিদ্ধ ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটা দেখতে দেখতে গ্যালারি থেকে দর্শকেরা ‘পাতানো’, ‘পাতানো’ আওয়াজ তুলেছে। বাংলাদেশের ফুটবল-দর্শকদের নাকে পাতানো খেলার গন্ধটা ভালোই লাগে। তাই তারা চিৎকার-চেঁচামেচি করে প্রতারিত হওয়ার ক্ষোভটা জানিয়ে যায়। কালও ছিল তেমন একটা দিন! বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্সের কাছে শেখ জামাল ৩-১ গোলে হেরেছে। তবে খেলার ধরন দেখে অনেকেরই মনে হয়েছে, শেখ জামাল হয়তো অবনমন অঞ্চলে থাকা ব্রাদার্সের দিকে বন্ধুত্বের হাতই বাড়িয়েছে! গত বছর রহমতগঞ্জের সঙ্গে পাতানো ম্যাচ খেলার অভিযোগ ছিল শেখ জামালের বিপক্ষে। বাফুফে আর্থিক জরিমানাও করে দুই দলকে। সেই কলঙ্কের দাগ মুছে যায়নি। কাল আবার শেখ জামালের গায়ে পড়ল কালি। সঙ্গে ব্রাদার্সেরও। যাদের বিপক্ষে এই লিগের প্রথম পর্বে রহমতগঞ্জকে ম্যাচ ছাড়ার অভিযোগ আছে। বিস্ময়কর হলো, এসব নিয়ে বাফুফের কোনো হেলদোল নেই। তারা নির্বিকার। ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচ নিয়ে তদন্ত শুরু করে সেটি এখন পথহারা।কাল ম্যাচ শুরুর আগেই গুঞ্জন, ব্রাদার্সকে পয়েন্ট ছাড়তে পারে শেখ জামাল। গতবারের চ্যাম্পিয়ন শেখ জামালের চ্যাম্পিয়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই, অবনমন বাঁচিয়েছে আগেই। তার ওপর এটি তাদের শেষ ম্যাচ। তাই এদিন দলেও দেখা গেল অনেক পরিবর্তন।সেই দলই ২৯ মিনিটে সোহেল রানার গোলে এগিয়ে যায়। তারপর ৫১, ৬১ ও ৭০ মিনিটে ব্রাদার্সের তিন গোল। শেখ জামালের খেলোয়াড়দের শরীরের ভাষায় গোল ঠেকানোর আগ্রহ দেখা যায়নি। শুরু থেকেই দুই দল অনেকটা গা ছাড়া। প্রথম গোল খাওয়ার সময় শেখ জামালের গোলরক্ষক অসীমকে দূর থেকে আসা শট ঠেকাতে চেষ্টা করতে দেখা যায়নি। দ্বিতীয় গোলটি তাঁর হাত থেকে বেরিয়ে গেলে বলটি আর ধরার আগ্রহ দেখাননি। তৃতীয় গোলটায় মনে হয়েছে, রক্ষণ গোল ঠেকাতে তৈরি নয়। ব্রাদার্স ম্যানেজার আমের খানকে অন্যদিন ম্যাচের পর মাঠে পাওয়া গেলেও কাল তিনি দ্রুতই চলে যান। ম্যাচ পাতানো প্রশ্নে কোচ সৈয়দ নইমুদ্দিন বললেন, ‘আমরা জয়ের জন্য খেলেছি। পাতানো কি না জানি না।’শেখ জামাল সভাপতি মনজুর কাদেরের মুঠোফোনে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। তবে ম্যানেজার আনোয়ারুল করিম হেলালের দাবি, ‘পাতানো খেলার প্রশ্নই আসে না। আমাদের দলে অনেক ইনজুরি সমস্যা। সেরা দল নামানো যায়নি।’ যাই হোক, প্রশ্নবিদ্ধ এই জয়ে ১৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে অবনমন বাঁচানো নিশ্চিত করেছে ব্রাদার্স। ২০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শেখ জামাল ষষ্ঠ হলো লিগে।আবাহনী-শেখ রাসেলের জয়: কাল গুঞ্জন ছিল, কমলাপুর স্টেডিয়ামে ফরাশগঞ্জকে ছেড়ে দিতে পারে শেখ রাসেল। ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে ফরাশগঞ্জ। কিন্তু এদিন রাসেল জিতল ৪-২ গোলে। ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে রাসেল এখন চারে।ফেনীতে ব্রাজিলিয়ান ডি সিলভার একমাত্র গোলে ফেনী সকারকে হারিয়েছে শিরোপাপ্রত্যাশী আবাহনী। ১৯ ম্যাচে আকাশি-নীলের পয়েন্ট ৪৪। মুক্তিযোদ্ধার ৪৩। ১ জুলাই শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।