শেখ জামাল মাঠে নামছে ২২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা থেকে শেখ জামালের ফিরে আসার অপেক্ষায় ছিল বাফুফে। সেই অপেক্ষা শেষ হয়েছে গত পরশু। শুরু হয়ে গেছে প্রিমিয়ার লিগে দলটির শেষ চার ম্যাচ আয়োজনের তোড়জোড়ও।
২২ ফেব্রুয়ারি বিজেএমসির বিপক্ষে শেখ জামালের ষষ্ঠ ম্যাচ। এরপর ২৫ ও ২৮ ফেব্রুয়ারি সদ্য আইএফএ শিল্ড কাপ রানার্সআপদের প্রতিপক্ষ আবাহনী এবং শেখ রাসেল। উত্তর বারিধারার সঙ্গে শেষ ম্যাচ ১০ মার্চ। এই চার ম্যাচ দিয়েই শেষ হবে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব।
২ মার্চ ভারতের গোয়ায় যাচ্ছে জাতীয় দল। ৫ মার্চ সেখানে ভারতের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আছে বাংলাদেশের। ৭ মার্চ ফেরার কথা মামুনুলদের। ওই ম্যাচ খেলার জন্যই লিগের প্রথম পর্ব শেষ হতে একটু সময় লেগে যাচ্ছে।
মার্চের ১১ তারিখ স্বাধীনতা কাপের ড্র। টুর্নামেন্ট শুরুর তারিখ অবশ্য চুড়ান্ত হয়নি। ১১-১৫ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়াম নিচ্ছে ক্রিকেট বোর্ড। খুব সম্ভবত ১৬ মার্চ থেকে শুরু হতে পারে স্বাধীনতা কাপ। এই টুর্নামেন্ট প্রিমিয়ার লিগের দশটি দলের সঙ্গে রাখা হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের আরামবাগ ও রহমতগঞ্জকে। প্রিমিয়ার ব্যাংকের পৃষ্ঠপোষণায় পেশাদার লিগের দ্বিতীয় স্তর মানে চ্যাম্পিয়নশিপ লিগ শুরু ২৫ ফেব্রুয়ারি।
কাল বাফুফের পেশাদার লিগ কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘ এই সভায় দুই-তিনটি ক্লাব এবারের প্রিমিয়ার লিগ তিন পর্বের পরিবর্তে দুই পর্বে আয়োজনের দাবি তুলেছিল। দীর্ঘ ক্যাম্প চালাতে আর্থিক অনটনের ব্যাপারটা সামনে এনেই তাদের ওই দাবি। তবে প্রিমিয়ার লিগ তিন পর্বে আয়োজনের সিদ্ধান্তেই অটল বাফুফে।
ওদিকে মার্চে উপজেলা পর্যায়ে জাতীয় স্কুল ফুটবল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফের প্রতিযোগিতা কমিটি।