শেখ জামাল যেন সুখী পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের পর ক্লাব কর্মকর্তারা দলবেঁধে মাঠে গেলেন। অভিনন্দন, বাহবা—সবই থাকল। কোচ পাকির আলীর মুখে হাসি। কোচিং স্টাফ খুশি। খেলোয়াড়েরা স্বস্তিতে। এই হলো কাল সন্ধ্যায় শেখ জামাল ধানমন্ডি শিবিরের ছবি। যেন এক সুখী পরিবার!ক্লাবের সভাপতি মনজুর কাদের বললেন, ‘দেখলেন তো পুরো পরিবার চলে এসেছি।’ এসে যা দেখলেন, তাতে নিজেদের পরিশ্রমটা সার্থকই মনে করতে পারেন শেখ জামাল কর্মকর্তারা। দুই ম্যাচে ৮ গোল। ফরাশগঞ্জের বিপক্ষে ৪-২-এর পর কাল রহমতঞ্জের বিপক্ষে ৪-১ জয়। লিগে গোল-খরায় ভুগতে থাকা দল স্বাধীনতা কাপে গোল-উৎসব করছে।স্থানীয় খেলোয়াড় নিয়ে সেরা দল গড়া শেখ জামালকে এই প্রথম একটা শক্তিশালী দলের মতো দেখাচ্ছে। দলে প্রতিদ্বন্দ্বিতা এখন তীব্র। প্রথম পর্বের পাঁচ বিদেশিকে বিদায় করে যে নতুন পাঁচজন আফ্রিকানকে আনা হয়েছে, তাঁরা সবাই আগের বিদেশিদের চেয়ে ভালো। নতুন বিদেশি আনার জন্য ক্লাব সভাপতিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন কোচ পাকির আলী। এই স্বাধীনতা কাপে প্রথম ম্যাচে ক্যামেরুনের ইমানুয়েল করেছেন ২ গোল। কাল করলেন একটি। বাকি তিন গোলের দুটি এনামুলের, অন্যটি আগের ম্যাচেও গোল পাওয়া শাকিলের।এনামুল প্রথম ম্যাচে সাইড বেঞ্চে কাটিয়েছেন। কাল তাঁকে পাঠানো হলো বদলি হিসেবে। নেমেই দুই গোল করে কোয়ার্টার ফাইনালের একাদশে থাকার দাবি জোরালো করলেন। ওদিকে চোটের কারণে আরেক স্ট্রাইকার এমিলি মাঠের বাইরে দুই ম্যাচেই। তাঁর পক্ষে দলে জায়গা করে নেওয়াটা কঠিন।কমলাপুর স্টেডিয়ামে খেলতে শেখ জামালের জন্য একটু সমস্যা হয়। মাঠ ছোট হওয়ায় খেলাটা ছড়িয়ে দেওয়া যায় না, সেই সুবিধাটা এখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিতে পারছে শেখ জামাল। এ কারণেই গোল আসছে। ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে গেল জামাল। এই গ্রুপ থেকে গোল গড়ে রহমতগঞ্জকে পেছনে ফেলে শেষ আটে জায়গা নিয়েছে তাদেরই প্রতিবেশী ফরাশগঞ্জ।তবে দুই ম্যাচে তিন গোল খাওয়া শেখ জামালের জন্য একটা সতর্কবার্তাও। জামালের রক্ষণকে ভেঙে ফেলিক্স ৩-১ করলেন। গোল বাঁচাতে গিয়ে গোলরক্ষক আমিনুল হলুদ কার্ড পর্যন্ত দেখলেন। ‘দলের এই গোল খাওয়ার প্রবণতা কোয়ার্টার ফাইনালে দলের জন্য চিন্তার কারণ হতে পারে’—বললেন পাকির আলী। সুখী পরিবারে এই জায়গাটায় যা একটু অস্বস্তির খোঁচা।