শেখ জামালই চ্যাম্পিয়ন
ভিআইপি গ্যালারিতে বসে থাকা একদল শেখ জামাল সমর্থক ম্যাচ শেষ হতেই মাঠের মধ্যে দিল দৌড়। ডাগ-আউটে থাকা খেলোয়াড়েরাও দৌড়ে মাঠের ভেতরে। ততক্ষণে খেলোয়াড়দের জড়িয়ে শুরু হয়েছে আনন্দনৃত্য। এক ফাঁকে ক্লাবের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তারকে (কিরণ) কাঁধে তুলে নাচতে শুরু করলেন সবাই। ওয়ালটন মহানগর মহিলা ফুটবল লিগে মোহামেডানকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া শেখ জামাল কাল এমন আনন্দেই যেন ভেসে যেতে চাইছিল। ফাইনাল দেখতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসেছিল আমিনুলের নেতৃত্বে ‘চ্যাম্পিয়ন’ ছেলেদের দল। ক্লাব সভাপতি মনজুর কাদেরকেও পাওয়া গেল খুশি খুশি চেহারায়। প্রথমবারের মতো হওয়া মহিলা লিগ জিতে ইতিহাসের অংশ হওয়ার আকাঙ্ক্ষাটা শুরু থেকেই ছিল শেখ জামালের। লিগে সব প্রতিপক্ষকে বিধ্বস্ত করে ফাইনালে উঠে সেই আভাসই দিয়ে রেখেছিল। সেই তুলনায় ফাইনালে তারা গোল-উৎসব করতে পারল না। ২৬ মিনিটে ফ্রি-কিক থেকে মানবদেয়ালের পাশ কাটিয়ে প্রথম গোলটি করেন জাতীয় দলের ডিফেন্ডার ফারহানা (১-০)। ৬৬ মিনিটে ‘গোলমেশিন’ সাবিনা করেন জয় নিশ্চিত করা গোলটি (২-০)। প্রথমার্ধে পুরোটা সময়ই আধিপত্য বিস্তার করে খেলেছে শেখ জামাল। তবে দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টায় মরিয়া দেখা যায় সাদা-কালো মেয়েদের। বেশ কয়েকটি নিশ্চিত সুযোগও পেয়েছিল দলটি, কিন্তু কাজে লাগাতে পারেনি। ৪৮ মিনিটে সুইনু প্রুর শট শেখ জামাল গোলরক্ষক মুসলিমার হাত ফসকে বেরিয়ে গেলে সামনে দাঁড়ানো শরিফা তা থেকেও গোল করতে পারেননি।মোহামেডান কোচ মোহাম্মদ পনিরের চোখে ব্যর্থতার কারণ প্রস্তুতি-স্বল্পতা, ‘আমাদের প্রস্তুতি কম ছিল। এ জন্য ওদের চেয়ে একটু পিছিয়ে ছিলাম। ম্যাচেও কয়েকটি নিশ্চিত সুযোগ মিস হয়েছে।’ চ্যাম্পিয়ন হয়ে দারুণ খুশি কোচ মোশারফ বাদল, ‘আরও বেশি গোল হওয়া উচিত ছিল। সমর্থনপুষ্ট মোহামেডানের মতো দলের বিপক্ষে খেলতে হয়েছে বলেই ওরা একটু স্নায়ুচাপে ভুগছিল। তবে চ্যাম্পিয়ন হতে পেরেই খুব খুশি।’২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন জাতীয় দলের স্ট্রাইকার সাবিনা খাতুন। ম্যাচসেরা মোহামেডানের সুইনু প্রু। ফেয়ার প্লে ট্রফি দিপালী যুব সংঘের। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।