শেখ জামালই নর্দের প্রথম পছন্দ!

ধানমন্ডির অ্যাপার্টমেন্টে নয়, দুপুরে ঢাকা বিমানবন্দরে পা রেখেই সোজা গুলশানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদেরের কার্যালয়ে গিয়ে উপস্থিত সনি নর্দে। বেলজিয়ামের প্রথম বিভাগের দল ওসটেন্ডেতে ট্রায়াল দিয়ে ১৪ এপ্রিল ফেরার কথা ছিল। কিন্তু হাইতিয়ান ফরোয়ার্ড ফিরলেন কাল। এসেই সভাপতির সঙ্গে মিনিট দশেক আলাপ করেছেন। কোনো ভারতীয় ক্লাবে যোগ দেওয়ার জন্য যে ঢাকা ছাড়েননি, সেটা প্রমাণ করতেই তাঁকে দেখিয়েছেন নিজের পাসপোর্ট।
বিমানে নয় ঘণ্টার ভ্রমণক্লান্তির কারণে কাল শেখ জামালের অনুশীলনে আসেননি। তবে বিকেলে ঘণ্টা খানেক ঘুম দিয়ে এসে দেখেছেন সতীর্থদের অনুশীলন। শেখ জামাল ছেড়ে যাচ্ছেন, কদিন ধরে হাওয়ায় ভাসতে থাকা প্রসঙ্গটা তুলতেই হেসে উড়িয়ে দিলেন নর্দে। বললেন, বাংলাদেশ তাঁর হূদয়ের গহিনে আর সেখানে জায়গা করে নিয়েছে শেখ জামাল ক্লাব। এবার খুব কাছে গিয়েও পারেননি, তবে শেখ জামালকে ছেড়ে যেতে চাইলে আগামীবার আইএফএ শিল্ড জিতিয়ে তবেই ছাড়বেন, ‘এটা সত্যি যে টাকার জন্যই আমি বাংলাদেশে এসেছি। এখনো এই ক্লাবের সঙ্গে আমি চুক্তিবদ্ধ। তাই অন্য ক্লাবে যাওয়ার প্রশ্নই ওঠে না। এই মৌসুম শেষে সভাপতি যদি নতুন চুক্তি করেন এবং বেলজিয়ামের চেয়ে বেশি টাকা দেন তাহলে এখানেই থাকব। সভাপতি আশ্বাস দিয়েছেন, আমাকে রাখবেন। তিনি পরের আইএফএ শিল্ডেও আমাকে খেলাতে চান।’ বেলজিয়াম, ভারত নয়, তাঁর প্রথম পছন্দ শেখ জামাল, তবে অবশ্যই নতুন চুক্তিটি ভালো হতে হবে ‘সমান টাকার প্রস্তাব পেলে তিনটির মধ্যে অবশ্যই শেখ জামালকে বেছে নেব!’
তাহলে কি নিজের গুরুত্ব আরও বাড়িয়ে নিতেই ট্রায়াল দিতে গিয়েছিলেন বেলজিয়ামে? এ নিয়ে পরিষ্কার কিছু বলেননি, তবে ইঙ্গিত তো মেলে তেমনই, ‘অনেক দিনের স্বপ্ন আমি ইউরোপে খেলব। এ জন্যই বেলজিয়ামের ক্লাবে ট্রায়াল দিতে যাই। ট্রায়াল ছাড়াও সেখানে একটি ম্যাচ খেলেছি। ওই ক্লাবের কোচ, ম্যানেজার, সতীর্থ সবাই আমার খেলা দেখে খুশি। জানিয়েছে, আমার চুক্তি শেষ হলেই ওরা যোগাযোগ করবে।’
তবে যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মোহনবাগান ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে ঘুরছেন? বিষয়টার ব্যাখ্যা দিয়ে বললেন, ‘মোহনবাগান, ইস্টবেঙ্গলের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে এটা সত্যি। আমি ওদের বলেছি, আমার চুক্তি শেষ হলে যোগাযোগ করো।’
ঢাকায় ফিরতে নর্দের কদিন দেরি হয়েছে ভিসা সমস্যার কারণে, ‘১৫ এপ্রিল ফিরতি টিকিট করে রেখেছিলাম। কিন্তু আমার ভিসার মেয়াদ শেষ হওয়ায় বেলজিয়ামের বাংলাদেশি দূতাবাসে গিয়ে নতুন ভিসা করাতেই দেরি হয়েছে।’
আর ফেসবুকের টাইমলাইনে দেওয়া ‘আজগুবি’ তথ্যগুলোকে ভুয়া বলেই দাবি করলেন তিনি।