শেখ জামালে নর্দের পর আলেজান্দ্রে
গত মৌসুমে শেখ রাসেল ক্রীড়াচক্রকে ট্রেবল জেতানো হাইতিয়ান প্লে-মেকার সনি নর্দে রেকর্ড পারিশ্রমিকে এবার যোগ দিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। খবরটা পুরোনো। শেখ জামাল হাইতি থেকেই আনছে আরও একজন ফরোয়ার্ডকে। নাম তাঁর জাঁ আলেজান্দ্রে। ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার বর্তমানে সনির সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন। আপাতত ধারে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব অরল্যান্ডো সিটিতে। নর্দের পরামর্শমতোই আলেজান্দ্রেকে আনা হচ্ছে বলে জানালেন শেখ জামালের ম্যানেজার আনোয়ারুল করিম, ‘আমরা সনির কাছে একজন ভালো ফুটবলারের কথা বলেছিলাম। ও আলেজান্দ্রের নাম বলেছে। দু-এক দিনের মধ্যেই ওর কাগজপত্র পেয়ে যাব। আগে ওর প্রোফাইল দেখি। ট্রায়ালের পরই বলা যাবে ওকে আমাদের পছন্দ হয়েছে কি না।’ তবে ইন্টারনেটে আলেজান্দ্রের প্রোফাইল যা দেখায়, তাতে তাঁকে ভালো ফুটবলারই বলতে হয়। ২০১১ মৌসুমে মেজর লিগ সকারে রিয়াল সল্ট লেকের হয়ে একবার সপ্তাহের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি।