শেখ জামালে মারুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে তাঁকে বরখাস্ত করেছে শেখ রাসেল। রুই ক্যাপেলা পর্তুগাল চলে যাওয়ায় গুঞ্জন ছিল, মোহামেডানে ফিরতে পারেন শেখ রাসেলের ট্রেবলজয়ী কোচ। কিন্তু মোহামেডান নয়, শেখ জামাল ধানমন্ডি ক্লাবে গেলেন মারুফুল হক৷ যোগ দিয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর পদে। আসলে উপদেষ্টা কোচ৷
তিন-চার দিন ধরে আলোচনার পর কাল আনুষ্ঠানিকভাবে চুক্তিটা সেরে ফেলেছে দুই পক্ষ। চুক্তিটা আপাতত এই মৌসুমের জন্য, তবে পারফরম্যান্স ভালো হলে শেখ জামালে মারুফের মেয়াদ বাড়তেই পারে।
নতুন এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন মারুফ, ‘লিগে এখনো একটি ম্যাচও হারেনি শেখ জামাল। দলটা ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছে। তার পরও দলের প্রস্তুতিতে যাতে কোনো ঘাটতি না থাকে, সে জন্যই কর্মকর্তারা আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। আমি এটিকে নিচ্ছি চ্যালেঞ্জ হিসেবে৷’
বর্তমানে শেখ জামালের প্রধান কোচ যোশেফ আপুসি। কিন্তু মারুফের পদটাই বেশি ওজনদার। খেলোয়াড়েরা কখন, কীভাবে অনুশীলন করবেন, দল নির্বাচন কীভাবে হবে, দলের কোথায় সমস্যা, প্রতিটি বিষয়ই দেখভাল করবেন তিনি।
এমন একজন উপদেষ্টা কোচ অনেক দিন থেকেই চাইছিলেন শেখ জামাল সভাপতি মনজুর কাদের, ‘আমি যখন দল নিয়ে কলকাতায় আইএফএ শিল্ডে যাই, খুব কাছ থেকে দেখেছি সবকিছু৷ ওই সময় আমি দলের সঙ্গে ছিলাম বলে ওদের মোটিভেশনও ভালো ছিল। কিন্তু এখন ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকি বলে সময় দিতে পারি না। এ জন্যই মারুফকে নিয়েছি।’
আপুসি প্রধান কোচ, তাঁর মাথার ওপর আবার মারুফকে জুড়ে দেওয়া৷ দলের মধ্যে কোনো সমস্যা হবে না তো? এমন শঙ্কা নেই কাদেরের, ‘কাজের ক্ষেত্রে দুজনের মধ্যে কোনো সমস্যা হবে না। আপুসি তো ২-৩ বছর আগেও খেলোয়াড় ছিল। ওর অভিজ্ঞতা কম। সে মারুফের মতো সবকিছু জানে না।’