শেখ জামালে যোগ দিলেন ওয়াসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মৌসুম পর কোচিংয়ে ফিরলেন খন্দকার ওয়াসিম ইকবাল। শেখ জামালে যোগ দিয়েছেন সাবেক এই তারকা ফুটবলার। নতুন দলে গতকাল কোচ হিসেবে কাজও শুরু করেছেন। তাঁর প্রথম মিশন ১৪ জুন শুরু হতে যাওয়া সুপার কাপ। খেলা ছেড়ে অনেক দিন আড়ালে থাকার পর ব্রাদার্সের হয়ে ওয়াসিমের কোচিং জগতে পা রাখা। তিন মৌসুম ওই দায়িত্বে ছিলেন। গত দুই মৌসুম ব্রাদার্সের কোচ ছিলেন ভারতের সৈয়দ নইমুদ্দিন ও নাইজেরিয়ার লাডি বাবালোলা। এবার শেখ জামাল একটা চমকই দিল ওয়াসিমকে নিয়ে। একই সঙ্গে জামাল নতুন মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছে নাইজেরিয়ান যোসেফ আপুসির সঙ্গে। আপুসির অধীনে এবারের ফেডারেশন, স্বাধীনতা কাপ এবং লিগে রানার্সআপ হয়েছে শেখ জামাল। এই নাইজেরিয়ান চুক্তি বাড়িয়ে ইংল্যান্ডে গেছেন। পরে সময়মতো ঢাকা ফিরবেন। শেখ জামালের সভাপতি মনজুর কাদের জানিয়েছেন, ‘যোসেফ ও ওয়াসিম দু্জনকেই আমাদের দরকার। ওয়াসিম বেশি দেখবেন টেকনিক্যাল দিকটা।’ তবে ওয়াসিম কাল বলেছেন, ‘আমি প্রধান কোচ হিসেবেই দায়িত্ব নিয়েছি। আপাতত সুপার কাপ। তারপর দায়িত্ব চালিয়ে যাব কি না, সেটা দেখা যাবে।’ অবশ্য শেখ জামালের কর্মকর্তাদের দাবি, শুধু সুপার কাপ নয়, আগামী মৌসুমেও দলের দায়িত্বে থাকবেন ওয়াসিম।