শেখ জামালের অগ্নিপরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোরান কার্লেভিচ অবসরে মাছ ধরেন। সার্বিয়ায় থাকলে সময় পেলেই চলে যান ডুমাভ আর সাভা নদীতে। তুলে আনেন সুম, সুকা মাছ। এই দুটি মাছ নাকি দারুণ সুস্বাদু। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সার্বিয়ান কোচ আজ কমলাপুর স্টেডিয়ামকে ভেবে নিচ্ছেন ডুমাভ নদী হিসেবে। সুকা মাছের জায়গায় এখানে তিনি শিকার বানাতে চান মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে। লড়াইটা ফেডারেশন কাপের ফাইনালে ওঠার, শিকার তো যেকোনো মূল্যে চাই।শেখ জামাল আসলে অলিখিত জাতীয় দল। স্থানীয় খেলোয়াড় সংগ্রহের বিচারে মুক্তিযোদ্ধাকে অনেকে রাখছে দ্বিতীয় স্থানে। ‘এক’ আর ‘দুই’য়ের লড়াইয়ে কে কাকে শিকার বানায়, আজ কমলাপুর স্টেডিয়ামে ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে সেটিই দেখার বিষয়। তবে শেখ জামালকে ফেডারেশন কাপের গ্রুপ পর্বে এক নম্বর দলের প্রাপ্য নম্বর দেওয়া যায়নি। আবাহনী-শেখ রাসেলের সঙ্গে হেরেই যেতে পারত। রহমতগঞ্জের বিপক্ষেও বড় পরীক্ষা দিতে হয়েছে তাদের। তিন মৌসুম পর ফেডারেশন কাপে শিরোপার স্বাদ নিতে ব্যাকুল মুক্তিযোদ্ধা এই টুর্নামেন্টে বেশ ধারাবাহিক। সুতরাং শেখ জামালের আজই বড় পরীক্ষা, অগ্নিপরীক্ষাও আপনি বলতে পারেন। ব্যক্তিগত নৈপুণ্যের দিক থেকে শেখ জামাল হয়তো এগিয়ে, কিন্তু দল হিসেবে মুক্তিযোদ্ধার পেছনেই থাকবে শেখ জামাল।কার্লেভিচ তাই সতর্ক, ‘আমাদের সবকিছুই ঠিক আছে। দুই দিন সময় পাওয়ায় ক্লান্তি কিছুটা কমেছে। ফাইনালে যাওয়ার ব্যাপারে খুবই আশাবাদী। তবে ম্যাচটা ৫০-৫০।’ গ্রিন রোডের এক আবাসিক হোটেলে শেখ জামালের ক্যাম্প। গোটা কুড়ি কক্ষ ভাড়া নেওয়া হয়েছে। দলের পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা ঢালছেন কর্মকর্তারা। এর প্রতিদান দিতেই হবে—এমনই প্রতিজ্ঞা শোনা যাচ্ছে গোটা শিবিরে।মাঠে শেখ জামালের বড় সমস্যা স্ট্রাইকিংয়ে। গোল করার লোকই নেই। মূল স্ট্রাইকার এমিলি কাগুজে বাঘ হয়ে রয়েছেন। স্ট্রাইকার এনামুলকে খেলানো হচ্ছে একটু নিচে, শেষ পাসটা দেওয়ার জন্য। মাঝমাঠে একজন নেতা নেই, যিনি দলের খেলাটা গোছাবেন। দলের সেরা একাদশই এখন পর্যন্ত দাঁড় করাতে পারেননি কোচ!অধিনায়ক আমিনুল অবশ্য এতে চিন্তিত নন, ‘কোচ সবাইকে পরখ করে নিচ্ছেন। আমাদের তো অনেক ভালো খেলোয়াড়ই সাইড বেঞ্চে বসে থাকে। সঙ্গে যোগ করেছেন, ‘প্রচুর গোল মিস হচ্ছে আমাদের। নইলে আগের ম্যাচগুলোয় স্বচ্ছন্দেই জিততে পারতাম। বেশি আত্মবিশ্বাসও বিপক্ষে যাচ্ছে। সবাইকে বলেছি, মাঠে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। টানা ম্যাচ খেলায় নিজেদের সেরাটা আমরা দিতে পারিনি এখনো।’বাছাইপর্বে ফরাশগঞ্জের বিপক্ষে ৩-০, আরামবাগের বিপক্ষে ২-০-তে জয়। দ্বিতীয় রাউন্ডে আবাহনী ১-১, রাসেল ০-০, রহমতগঞ্জ ম্যাচে ২-১ জয়ে সেমিতে উঠেছে শেখ জামাল। মুক্তিযোদ্ধা বাছাইপর্বে নৌবাহিনীকে ৮-১ ও ফরাশগঞ্জকে ৩-০ গোলে হারিয়েছে। গ্রুপ পর্বে ফেনী সকারের বিপক্ষে ৩-০, মোহামেডানের বিপক্ষে ০-০ এবং ব্রাদার্সের বিপক্ষে ৩-০ ছিল তাদের ফল। মুক্তিযোদ্ধা কোচ মারুফুল হক খুশি, ‘আমাদের টিমওয়ার্ক ভালো। প্রেসিং ও বিল্ডআপ গেম খেলি আমরা। কৌশল অনুযায়ী আমার ছেলেরা মাঠে ঠিকঠাক খেলছে এবং এখন পর্যন্ত আমরা ভালোই করেছি।’ কোচের সঙ্গে সুর মিলিয়েছেন অধিনায়ক রজনী, ‘শেখ জামাল কাগজে-কলমে এগিয়ে থাকতে পারে। কিন্তু দলীয় সমন্বয়ের দিক থেকে ওদের চেয়ে বেশি নম্বর আমরাই পাব।’গ্রুপ পর্বে হ্যাটট্রিকসহ দুই ম্যাচে ৫ গোল করা মুক্তিযোদ্ধার সুদানের স্ট্রাইকার জেমস মগা খেলার ভাগ্য গড়তে পারেন। শেখ জামালকে আজ সতর্ক থাকতেই হবে।