শেখ জামালের আগাম উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে কালকের দিনটি ছিল ঘটনাবহুল।সবচেয়ে বড় ঘটনা, বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢাকা মোহামেডানের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডির জয়। এ জয়ে লিগ শিরোপা অনেকটাই নিশ্চিত, আগাম উদ্যাপনও একটু হয়ে গেল কাল। জামালের মুখে আরও হাসি ফুটিয়েছে ফেনীতে ফেনী সকারের সঙ্গে আবাহনীর ১-১ ড্র।আবাহনী-শেখ জামাল একটা সময় দুই দলই ১০ জন নিয়ে খেলেছে। শেখ জামালের খেলায় সেটির প্রভাব দূরে থাক, পাতানো খেলার অভিযোগের মানসিক ‘যন্ত্রণার’ প্রভাবও দেখা যায়নি। ৭৪ মিনিটে জামালের টমাস দেখেছেন লাল কার্ড, ফেনীতে ৪২ মিনিটে আবাহনীর মামুন মিয়া।ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি চলে গেছেন দুই দিন আগে। প্রধান কোচকে হারানোর পরপরই আবাহনী বিসর্জন দিল চতুর্থ বাংলাদেশ লিগ জয়ের আশাও। অথচ ৫০ মিনিটে ফ্রাঙ্ক গোল করে আকাশি-নীলের স্বপ্নটা বাঁচিয়ে রাখারই আভাস দিয়েছিলেন। ৬৩ মিনিটে তৌহিদুল ১-১ করে ভেঙে দেন সেই স্বপ্ন।উল্টো দিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে উৎসব শেখ জামালের। এদিন হঠাৎ ৬-৭ হাজার লোক গ্যালারিতে এনে হাজির করল দলটি। ম্যাচের পর সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীকে নিয়ে বাফুফে ভবনে গেছেন জামালের কর্মকর্তারা। স্মারকলিপি দিয়েছেন বাফুফের সহ-সভাপতি বাদল রায়ের কাছে। দলটির বিরুদ্ধে পাতানো খেলার অভিযোগের প্রতিবাদ জানিয়ে ভবনের সামনে হাজার খানেক সমর্থক বিক্ষোভও দেখিয়েছে।আগামীকাল বাফুফের বাংলাদেশ লিগ কমিটির সামনে হাজির হওয়ার কথা শেখ জামালের। অভিযোগ প্রমাণিত হলে কী অবস্থা দাঁড়ায়, তা দেখার বিষয়। আপাতত মাঠে নিজেদের কাজটা করে রাখল শেখ জামাল।২১ জুন শেষ ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে শেখ জামালের প্রয়োজন মাত্র এক পয়েন্ট। ২১ ম্যাচে ৫০ পয়েন্ট দলটির। ১৯ ম্যাচে আবাহনীর ৪০। মুক্তিযোদ্ধার ২০ ম্যাচে ৪৪। বাকি দুই ম্যাচ জিতলে মুক্তিযোদ্ধার পয়েন্ট হবে সর্বোচ্চ ৫০। শেখ জামাল শেষ ম্যাচটা হারলে মুক্তিযোদ্ধার সঙ্গে তাদের প্লে-অফ খেলতে হবে। তবে পরের ম্যাচটায় মুক্তিযোদ্ধা পয়েন্ট হারালে শেষ ম্যাচের আগেই চ্যাম্পিয়ন জামাল।কালই অবশ্য ম্যাচের পর প্রায় শিরোপা উৎসব করে ফেলল শেখ জামাল। ম্যানেজারকে টানতে টানতে মাঠের ভেতরে নিয়ে খেলোয়াড়েরা উল্লাস করলেন। গ্রুপ ছবি তুললেন। মাঠে নেমে আসা কর্তাদের চোখে-মুখে তৃপ্তির ছাপ।অধিনায়ক আমিনুল বললেন, পাতানো খেলার অভিযোগ মাথায় নিয়ে খেলতে নামা তাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ ছিল। কিন্তু ম্যাচে সেটির প্রভাব ছিল না। শুরু থেকেই বৃষ্টিভেজা কাদা মাঠে শেখ জামাল খেলল সম্ভাব্য চ্যাম্পিয়নের মতোই। গোলও পেয়ে গেল খুব তাড়াতাড়িই।৯ ও ৩৬ মিনিটে ক্যামেরুনের স্ট্রাইকার ইমানুয়েল, ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন ডিফেন্ডার সুজন। প্রথমার্ধে ইনজুরি সময়ে ভিক্টর ২-১ করলে ম্যাচটা জমে ওঠে। কিন্তু গোলরক্ষক আমিনুলের দৃঢ়তা ও মোহামেডান স্ট্রাইকার সানডের ব্যর্থতায় জয়টা জামালেরই। জামালের কোচ পাকির আলীর কথা, এখন আমাদের শিরোপা জয়ের সম্ভাবনা ৯৯.৫ শতাংশ।’মোহামেডান কোচ শফিকুল ইসলাম এত দিন সানডের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। কাল তিনিই নাইজেরিয়ান স্ট্রাইকারের ভূমিকাকে ‘রহস্যজনক’ বললেন, ‘ও ম্যাচের আগে শেখ জামালের ড্রেসিংরুমে গিয়েছিল। মাঠেও ওর পারফরম্যান্স আমার ভালো লাগেনি। ঘটনা কী, বুঝলাম না।’