শেখ জামালের আবাহনী-পরীক্ষা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠে ৪টা বাজার মিনিট দশেক আগে দলবল নিয়ে হাজির শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ জোরান কার্লেভিচ। এসেই খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে নেমে গেলেন। এক মুহূর্ত সময় নষ্ট করার যে সময় নেই এই সার্বিয়ানের।গ্রামীণফোন ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বের প্রথম দিনে আজ নবাগত শেখ জামালের সামনে বড় এক পরীক্ষা। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে দল ভারী করা শেখ জামালের প্রতিপক্ষ আবাহনী বলে ম্যাচটা পাচ্ছে মৌসুমের প্রথম বড় ম্যাচের মর্যাদা। দেখার বিষয়, প্রয়াত শেখ কামাল প্রতিষ্ঠিত ক্লাবের সঙ্গে তাঁরই ছোট ভাইয়ের নামে গড়া ক্লাবের লড়াইটা কেমন জমে।শেখ জামাল ফেডারেশন কাপে দুটি ম্যাচ খেলে ফেললেও আবাহনী আজই প্রথম মাঠে নামছে। নতুন দল, নতুন কোচ...আবাহনীর জন্যও নতুন যাত্রা। ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমির আকাশী-নীলদের কেমন তৈরি করেছেন সেটিও দেখা যাবে আজ প্রথম।কী ভাবছেন প্রথম ম্যাচ নিয়ে? কাল বিকেলে ক্লাব মাঠে অনুশীলন শেষে আবাহনী কোচ জানান, ‘এই ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেখ জামালে জাতীয় দলের খেলোয়াড় অনেক। তা নিয়ে ভাবছি না। আমরা চেষ্টা করব ভালো ফুটবল খেলার ।’ সহকারী কোচের ভূমিকায় থাকা অমলেশ সেন বলেছেন, ‘মাত্রই গত মাসে আমরা বরদুলই ট্রফি জিতে এসেছি। দলের মধ্যে কাজ করছে আত্মবিশ্বাস, টিম স্পিরিট।’ শেখ জামালের কোচ কার্লেভিচ সমীহ করছেন আবাহনীকে, ‘আবাহনী বড় দল। অনেক শিরোপা জিতেছে ওরা। অভিজ্ঞতা প্রচুর। তাদের আমরা বড় প্রতিপক্ষ হিসেবেই দেখছি।’ যোগ করেছেন আরও, ‘এখনই বেশি প্রত্যাশা করা ঠিক হবে না। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। ফেডারেশন কাপকে আমরা লিগের প্রস্তুতি হিসেবে দেখছি।’ অধিনায়ক আমিনুলের কথা, ‘আমরা সব ম্যাচ জিতে ফাইনালে যেতে চাই।’বিকেল সাড়ে ৫টায় কমলাপুর স্টেডিয়ামে এই দুদলের লড়াই শুরুর আগে রহমতগঞ্জের মুখোমুখি হবে শেখ রাসেল।