শেখ জামালের কাছে হারল ক্রুইফের দল
সাফ টুর্নামেন্টের আগে একটু ধাক্কাই খেলেন লোডভিক ডি ক্রুইফ। কাল অনুশীলন ম্যাচে তাঁর দল হেরেছে শেখ জামাল ধানমন্ডির কাছে (২-১)। ঘরোয়া অনুশীলন ম্যাচে এটিই জাতীয় দলের প্রথম হার। আগের ছয়-সাতটি ম্যাচের সবগুলোই জিতেছে ডি ক্রুইফের দল। শেষবেলায় এসে কালকের এই হারকে অনেকের কাছেই অশনিসংকেত মনে হতে পারে। তবে এতে হতাশার কিছু দেখছে না জাতীয় দল।
বাফুফে একাদশের বিপক্ষে আগের ম্যাচের মতো এই ম্যাচও দর্শকদের জন্য ছিল উন্মুক্ত। তবে প্রেসবক্সে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। মানে সাংবাদিকদের জন্যও ম্যাচটা ছিল নিষিদ্ধ।
এটা ডি ক্রুইফের ইচ্ছেতেই হয়েছে। তবে সাংবাদিকেরা আগের ম্যাচের মতো এদিনও বিভিন্ন ফেডারেশন অফিসে বসে ম্যাচটা যেমন দেখেছেন, তাতে জাতীয় দল দুটি গোলই হজম করেছে প্রতি-আক্রমণ থেকে। প্রতি-আক্রমণের ঝাপটা সামলাতে পারছে না কাঠমান্ডুগামী ক্রুইফের দল।
তাই প্রথমার্ধে বল পজেশনে অনেকটাই এগিয়ে থেকেও খেলার ধারার বিপক্ষে গোল খেতে হয়েছে। অধিনায়ক মামুনুল চোট পেয়ে ম্যাচের ২০-২৫ মিনিট পর মাঠের বাইরে আসার পর থেকেই জাতীয় দলের নিয়ন্ত্রণ আলগা হতে থাকে। অ্যাংকেলে চোট পেয়েছেন মামুনুল। দলের প্রধান খেলোয়াড় চোটে পড়ায় খানিকটা চিন্তিত জাতীয় দল। আজকালের মধ্যে বোঝা যাবে আসল অবস্থা।
পরে সোহেল রানাও পেয়েছেন চোট। তাই দ্বিতীয়ার্ধে বল পজেশন কিছুটা হারায় জাতীয় দল। চার বিদেশি নিয়ে শেখ জামাল একটু শক্তি প্রয়োগ করে খেলেছে। যদিও শেখ জামালের বিদেশিরাই ব্যবধান গড়ে দিয়েছেন এই ম্যাচে। বিশেষ করে হাইতিয়ান প্লে-মেকার সনি নর্দে তো দারুণ খেলেছেন। ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি। বাংলাদেশ দলের অফসাইড ফাঁদ ভেঙে দারুণ গোল করেন সনি (২-০)। জামালের প্রথম গোলটা এসেছে আরেক হাইতিয়ান ওয়েডসনের পা থেকে। শেষ দিকে মিঠুন করেন ২-১।