‘ট্রফিটা নিয়েই ঢাকায় ফিরতে চাই’—যোসেফ আপুসির সেই স্বপ্ন পূরণ হয়নি। আজ সকালে কলকাতা থেকে ঢাকার বিমানে ওঠার সময় বারবারই কথাটা মনে করবেন শেখ জামাল ধানমন্ডির কোচ।
কিন্তু আইএফএ শিল্ডে তাঁর দল যে ফুটবল খেলেছে, তাতে গর্বিতই হওয়া উচিত এই নাইজেরিয়ানের। তাঁর হাত ধরে বাংলাদেশের ফুটবলকে নতুন করে দেখল কলকাতার ফুটবল-ভক্তরা। টিভি পর্দায় সেই খেলা মুগ্ধ করেছে গোটা বাংলাদেশকেও।
একটা আফসোস তবু থাকল। মোহনবাগান-ইস্ট বেঙ্গলকে হারানোর পর বৃত্তটা যে অপূর্ণই। ফাইনালে কলকাতা মোহামেডানকে হারাতে পারলে সাফল্যের ষোলো আনাই পূরণ হতো। পরশুর ফাইনালে তীরে গিয়ে তরি ডোবার পর মোহামেডান যখন ৪৩ বছর পর আইএফএ শিল্ড জয়ের আনন্দ করছে, ওই সময় শেখ জামাল ক্ষোভে-দুঃখে দূরে দাঁড়িয়ে শুধুই তা দেখেছে।
১১৮তম আইএফএ শিল্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা শেখ জামাল বয়কট করল রেফারির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে। অন্যায় এবং পরিকল্পিতভাবে সনি নর্দেকে লাল কার্ড দেখানো হয়েছে বলে ক্ষোভ যোসেফ আপুসির দলের। তা ছাড়া বদলি হিসেবে আরেক বিদেশি আলীকে নামানো নিয়ে আট-দশ মিনিট ধরে চলা নাটকেও চরম বিরক্ত শেখ জামাল। এসব নিয়ে মনোমালিন্য চাপা থাকেনি শেখ জামাল ও আয়োজকদের মধ্যে।
যদিও শেখ জামাল ম্যানেজার আবদুল গাফফার কলকাতা থেকে ফোনে জানালেন, ‘অনুষ্ঠান বর্জন করিনি আমরা। ওরা (আয়োজকেরা) নিজেদের দল নিয়ে ব্যস্ত ছিল। আমরা ৩০-৪০ মিনিট অপেক্ষার পরও দেখলাম, আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডাকা হচ্ছে না। কাজেই আমরা ফিরে এসেছি হোটেলে।’
মজার ব্যাপার, টুর্নামেন্টে কোনো রানার্সআপ ট্রফি দেওয়া হয়নি। অর্থ পুরস্কার ১৫ লাখ রুপি পরবর্তী সময়ে অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে দেওয়া হবে শেখ জামালকে। মানে নগদ কিছুই মিলল না।
বিশ্বের চতুর্থ প্রাচীন এই টুর্নামেন্টে সর্বোচ্চ চার গোল করে সবাইকে ছাপিয়ে যাওয়া শেখ জামালের হাইতিয়ান ফরোয়ার্ড সনি নর্দেই হয়েছেন ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’। তাঁর পুরস্কারের ২৫ হাজার রুপিও পরবর্তী সময়ে দেওয়া হবে। ফাইনালে ৮২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে লাল কার্ড দেখেন নর্দে। ‘সনি টুর্নামেন্ট সেরা হয়েও মনটা ভালো না ওর। বারবারই বিস্ময় নিয়ে বলছে, ওটা লাল কার্ড হয় কী করে!’—বলছিলেন গাফফার।
নর্দেকে মোহনবাগানসহ আরও কয়েকটি ক্লাব পেতে চায়। অধিনায়ক মামুনুলের ওপরও চোখ পড়েছে কলকাতার বড় দলগুলোর। একটি সূত্রের তথ্য, নর্দেকে দেড় লাখ ডলার ও মামুনুলকে ৮০ হাজার প্রস্তাব দেওয়া হয়েছে।
এটা বাংলাদেশের ফুটবলের জন্য নতুন মাইলফলকই। তবে শেষটা জয়ে হলো না বলে মাঠেই কান্নায় ভেঙে পড়েন শেখ জামালের খেলোয়াড়েরা। হোটেলে গিয়েও একই অবস্থা। জানা গেল, অধিনায়ক মামুনুল ইসলাম টাইব্রেকারে শট নিতে চাননি। ১২০ মিনিট তুমুল লড়াইয়ের পর টাইব্রেকারে শট নেওয়ার মানসিক ও শারীরিক শক্তি নাকি তাঁর ছিল না। সোহেল রানা, ইয়ামিন মুন্নাও টাইব্রেকারে শট নিতে সরাসরি আপত্তি জানান কোচের কাছে।
সেই অভিশপ্ত টাইব্রেকারই কেড়ে নিয়েছে শেখ জামালের যাবতীয় হাসি। ক্লাব সভাপতি মনজুর কাদের অমন হারের জন্য টাইব্রেকারে কোচ-ম্যানেজারের পরিকল্পনাহীনতাকে দায়ী করেছেন। যদিও ম্যানেজার গাফফারের কথা, ‘কাদের ভাই লিংকনকে তুলে রায়হানকে নামাতে বলেছিলেন, সিদ্ধান্ত তো কোচের। আমার কী করার ছিল!’
এসব এক পাশে সরিয়ে একটা অভিনন্দন পেতেই পারে শেখ জামাল। করতালিও তাদের প্রাপ্য।