শেখ জামালের চাই বিদেশি ‘অক্সিজেন’
শেখ জামালেরও তাহলে বিদেশি ফুটবলার লাগে! দেশের প্রায় সব তারকা খেলোয়াড় নিয়ে গড়া দলে বিদেশিদের জন্য জায়গা ফাঁকা কোথায়?মৌসুম শুরুর আগে প্রশ্নটা ছিল একেবারেই যৌক্তিক। কিন্তু বাংলাদেশ লিগের প্রথম পাঁচ ম্যাচ শেষে এটি আর প্রশ্ন নয়। বরং বাস্তবতা এই যে, বিদেশি খেলোয়াড় না এনে পারছে না শেখ জামাল। আসছে একঝাঁক বিদেশি।সবকিছু ঠিক থাকলে আগামীকাল ক্যামেরুনের তিনজন ফুটবলার ঢাকায় আসছেন জামালের জার্সি গায়ে তুলতে। দুজন স্ট্রাইকার, একজন মিডফিল্ডার। দু-তিন দিন পর আসার কথা আরও এক ক্যামেরুনিয়ানের। এই চারজনকে পছন্দ হলে বাংলাদেশ লিগের প্রথম পর্ব শেষে নিবন্ধন করা হবে। পছন্দ না হলে অন্য খেলোয়াড়ের দিকে হাত বাড়ানো হবে। এর মানে, ভালো বিদেশি চাই-ই চাই শেখ জামালের!‘এই দলে বিদেশির দরকার কী’—এমন প্রশ্নের পরও বাংলাদেশ লিগের প্রথম পর্বে পাঁচজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করেছিল নবাগত ‘পরাশক্তি’। তিনজন সার্বিয়ান, দুজন ক্যামেরুনিয়ান। আন্তর্জাতিক ছাড়পত্র না আসায় ক্যামেরুনের এক খেলোয়াড়কে খেলানো হয়নি। বাকি চারজনই খেলেছেন। তবে টিকে আছেন সার্বিয়ান ডিফেন্ডার ড্রাগন। তাঁর সঙ্গে কদিন আগে যুক্ত হয়েছেন ক্যামেরুনিয়ান মিডফিল্ডার মোডো। বাকি দুজন ‘চলে না’ স্টিকার গায়ে নিয়ে ফিরে গেছেন দেশে।মোট কথা, বিদেশি খেলোয়াড় সংগ্রহে খুশি হতে পারেনি শেখ জামাল। স্থানীয় খেলোয়াড় নেওয়ার ব্যাপারটা তো বেহিসাবি পর্যায়ে চলে গেছে। এখন যাঁর যাঁর পজিশনে দেশসেরা অনেক খেলোয়াড়ই সাইড বেঞ্চে বসে থাকেন। কেউ একজন রসিকতা করে বললেন, ‘ওরা এখন বেঞ্চ গরম করে! বুঝুক অবস্থা।’সমস্যা হলো, দেশের সেরা দুই স্ট্রাইকার এমিলি ও এনামুল গোল পাচ্ছেন না। বাংলাদেশ লিগের প্রথম পাঁচ ম্যাচে এই দুজন এখন পর্যন্ত ব্যক্তিগত গোলের খাতাই খুলতে পারেননি! পাঁচ ম্যাচে শেখ জামালের গোল মাত্র ৫টি! একটি আত্মঘাতী, একটি করে করেছেন শাকিল ও সবুজ, দুটি করে গোল দুই বিদেশি মোডো ও ড্রাগনের। গোল-খরার এই খেসারত পয়েন্ট টেবিলেও। দুই জয়, দুই ড্র আর এক হারে শেখ জামালের পয়েন্ট মাত্র ৮!ফেডারেশন কাপে শেখ জামাল ৭ ম্যাচে ১২ গোল করে খেয়েছিল ৭টি। এনামুল করেছিলেন ৬ গোল, এমিলি ২টি। শেষ ৯ ম্যাচে গোলই নেই এমিলির! কেন এই গোল-খরা? এমিলি-এনামুলরা কিছু বলতে চান না। সাংবাদিকদের সঙ্গে তাঁদের কথা বলা নিষিদ্ধ করেছে ক্লাব। তবে তাঁদের কথাবার্তায় বোঝা যায়, একটা গোল চান। গোল পেলেই ‘কুফা’টা দূর হবে বলে মনে করেন এমিলি।এখন বিদেশিদের পেছনে দৌড়ানো কি স্থানীয়দের ওপর আস্থা হারানোর বার্তা? শেখ জামাল কি তাহলে দল গঠনে ভুল করেছে?ক্লাব সভাপতি মনজুর কাদের আস্থা হারানো শব্দযুগলে একমত নন। তবে তাঁর উপলব্ধি এখন অন্য রকম, ‘শুরুতে ভেবেছিলাম বিদেশি লাগবে না, কিন্তু এখন দেখছি বিদেশি ছাড়া এগোনো কঠিন। ইনজুরিসহ কিছু সমস্যায় আমরা ফল পাচ্ছি না। অথচ অন্য দলগুলো বিদেশিদের ওপর ভর করে এগিয়ে যাচ্ছে। তাই আমরাও বিদেশি আনছি।’অর্থাৎ বিদেশি ছাড়া চ্যাম্পিয়ন হওয়া যাবে না—এটা ভালো করেই বুঝে ফেলেছে শেখ জামালের সভাপতি। তিনি পরিষ্কারই বলে দিলেন, ‘হ্যাঁ, অবশ্যই শিরোপা জিততে বিদেশিদের অবদান লাগবে।’আমিনুল, এমিলি, এনামুলদের আত্মোপলব্ধিরও সময় এখন। স্থানীয়দের নিয়ে বিশাল বাজেটের দলে বিদেশিরাই সাফল্যের নিয়ামক হলে সেটি তো তাঁদের জন্য ভালো খবর নয়!