শেখ জামালের জন্য কাজটা সহজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনী নেই। মুক্তিযোদ্ধাও বিদায় নিয়েছে। মাঠ কি তাহলে ফাঁকা হয়ে গেল শেখ জামাল ধানমন্ডির জন্য?চাইলে উত্তরটা হ্যাঁ-বোধক ভেবে নেওয়া যায়। আবাহনী-মুক্তিযোদ্ধাবিহীন স্বাধীনতা কাপ তো এখন আসলে শেখ জামালের দিকেই অনেকটা হেলে পড়েছে। কোয়ার্টার ফাইনালে আবাহনীকে টাইব্রেকারে হারিয়েছে ফরাশগঞ্জ। একইভাবে আরেক কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুক্তিযোদ্ধার বিপক্ষে সাডেন ডেথে জিতেছে তারুণ্যনির্ভর মোহামেডান। পথের দুটি বড় কাঁটা সরে গেছে। আজ সেমিফাইনালে প্রতিপক্ষ ফরাশগঞ্জ। শেখ জামালের ফাইনালে যাওয়ার পথটা কঠিন নয়।আবাহনীকে হারিয়ে দেওয়া ফরাশগঞ্জকে খাটো করার সুযোগ হয়তো নেই জামালের সামনে। তবে সহজ প্রতিপক্ষ তো অবশ্যই। ফরাশগঞ্জ চাইবে টানা দুটি বড় দলকে হারিয়ে ফাইনালে যেতে। সেটি পারলে পুরান ঢাকার দলটির জন্য স্মরণীয় এক টুর্নামেন্টই হয়ে থাকবে এই স্বাধীনতা কাপ।কিন্তু সব উত্তেজনা কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল কি না, সেই প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে। টানা দুই দিন দুটি বড় দলের টাইব্রেকারে হারের পর সেমিফাইনাল-ফাইনাল কিছুটা ঔজ্জ্বল্য হারাচ্ছে বৈকি। এক দর্শকপ্রিয় দল আবাহনী বিদায় নেওয়ায় এখন টিকে আছে আরেক দল মোহামেডান। আগামীকাল মোহামেডানের সামনে শেখ রাসেল ক্রীড়াচক্র। সাদা-কালোরা এবার যতই দুর্বল হোক, মাঠে দর্শক টেনে আনতে এখনো মোহামেডান নামটাই যথেষ্ট।শেখ রাসেল কম যাচ্ছে না। তবে এই দলটি বড় মঞ্চের শেষ লড়াইয়ে এসে খেই হারিয়ে পত্রপাট বাড়ি ফেরায় অভ্যস্ত। আবাহনী-মুক্তিযোদ্ধা বিদায় নেওয়ায় এই টুর্নামেন্ট শেখ রাসেলেরও একটা বড় সুযোগ।বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল পৌনে পাঁচটায় শুরু দুটি সেমিফাইনাল।