শেখ জামালের জেরায় ভিন্ন ছবি
রহমতগঞ্জ এসেছিল গত বুধবার। গোটা মতিঝিল এলাকাতেই সেদিন খবর ছড়িয়ে পড়েছিল। সব খেলোয়াড় তো বটেই, একদল কর্মকর্তাও হাজির। বাফুফের বাংলাদেশ লিগ কমিটির সামনে সদলবলে হাজির হয়েছিল রহমতগঞ্জ। কিন্তু কাল শেখ জামালের হয়ে এলেন মাত্র দুজন। বাফুফের বাংলাদেশ লিগ কমিটির পাতানো খেলার তদন্ত-প্রক্রিয়ায় দুই দলের ক্ষেত্রে দুই ছবি!গত ১১ জুন বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল-রহমতগঞ্জ পাতানো খেলা খেলেছে বলে অভিযোগ। সেদিন মাঠে উপস্থিত দর্শকেরা দুয়োধ্বনি দিয়েছে দুই দলকেই। পরদিনের সব জাতীয় দৈনিকে ম্যাচটা পাতানো ছিল বলে সংশয় প্রকাশ করা হয়েছে।আর তা দেখে নড়েচড়ে বসেছে বাংলাদেশ লিগ কমিটি। রহমতগঞ্জের কোচ-কর্মকর্তা এবং খেলোয়াড়সহ ৬ ছয়জনকে আলাদা কক্ষে জেরা করা হয়েছে। ম্যাচের ৭টি গোলের ভিডিও তাদের দেখিয়েছে লিগ কমিটি। কমিটির একজন সদস্য সেদিন জানিয়েছিলেন, গোলের ভিডিও দেখে রহমতগঞ্জ কর্মকর্তাদের কাছেও নাকি ম্যাচটা সন্দেহজনক মনে হয়েছে।’তদন্ত শেষে কী দাঁড়ায়, তার জন্য অপেক্ষা করতে হবে। তবে রহমতগঞ্জের মতো জেরা করা হয়নি শেখ জামালকে। বাংলাদেশ লিগে শিরোপা জয়ের দোরগোড়ায় পৌঁছে যাওয়া দলটির শুধু কোচ পাকির আলী, অধিনায়ক আমিনুল ও ম্যানেজার আনোয়ারুল করিম হেলালকে ডেকেছে কমিটি। ম্যানেজার জ্বরের কারণে আসেনি। আজ আসতে চেয়েছেন।কমিটি কী জানতে চেয়েছে শেখ জামালের কোচ-অধিনায়কের কাছে? একটু আগে জাতীয় দল থেকে অবসর নেওয়া আমিনুল বললেন, ‘কিছুই জিজ্ঞেস করেনি। আমাদের জাস্ট গোলগুলো দেখানো হয়েছে। যেহেতু আমি গোলরক্ষক, তাই গোলের মতামত জানতে চাওয়া হয়েছে আমার কাছে।’আমিনুল যোগ করলেন, ‘রহমতগঞ্জ যখন গোল খাচ্ছিল, তখন উচিত ছিল তাদের গোলরক্ষককে পরিবর্তন করা। দ্বিতীয়ত, একটা দল ১০ জনের হয়ে গেলে মানসিকভাবে ভেঙে পড়ে। হয়তো ওই কারণে গোল খাওয়ার পরও তেমন প্রতিক্রিয়া ছিল না গোলরক্ষকের। এটা নিয়ে অন্যকিছু ভাবার কারণ আছে বলে আমি মনে করি না।’পাকির আলীর কথা, ‘আমাদের বিরুদ্ধে পাতানো ম্যাচের অভিযোগ বিস্ময়কর ও বিব্রতকর। আমরা দারুণ ফিনিশিংয়ে ৫টা গোল করেছি। কাজেই পাতানো অভিযোগ মানতে পারছি না।’শুধু তিনজকে কেন ডাকা হলো? লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদির জবাব, ‘যে দল বেশি গোল খেয়েছে, তাদের বিষয়ে বেশি সতর্ক ছিলাম আমরা। এ জন্যই শেখ জামালের তিনজনকে ডাকা হয়েছে। তবে পরে আরও কয়েকজনকে ডাকা হতে পারে।’সভার পর কমিটির একজনকে প্রশ্ন করলে উত্তর দেন আরেকজন। একজনের মুখের কথা কেড়ে নেন আরেকজন। এরপর কী? সালাম বললেন, ‘আমাদের আরও কিছু প্রক্রিয়া বাকি আছে। সেগুলো শেষ করে সভাপতিকে একটা রিপোর্ট দেব।’রিপোর্ট দিতে কত দিন লাগতে পারে—এ প্রশ্নটা অবশ্য পাশ কাটিয়ে গেছেন কমিটির চেয়ারম্যান।