শেখ জামালের ডিএফএ-অভিযান
জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলো (ডিএফএ) নিষ্ক্রিয়। বাফুফের কোনো উদ্যোগ নেই। আগামী এপ্রিলে বাফুফের নির্বাচন। তাতে ৭১টি ডিএফএ হবে ফলাফল নির্ধারক। এমন অবস্থায় দৃশ্যপটে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তারা ডিএফএগুলোকে আর্থিক সহায়তা দিতে চায়। যে কাজটি বাফুফের করার কথা, সেটি করতে চাইছে শেখ জামাল!কাল ঢাকা ও সিলেট বিভাগের ১০টি ডিএফএর সঙ্গে মতবিনিময় করেছেন শেখ জামালের শীর্ষ কর্মকর্তারা। এটা হয়েছে ক্লাবের সভাপতি মনজুর কাদেরের অফিসে। এতে ছিলেন ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ ডিএফএর শীর্ষ কর্মকর্তারা।যোগ দিয়েছেন বাফুফের সহসভাপতি মনজুর হোসেন, সদস্য সিরাজুল ইসলাম ও আমিরুল ইসলাম। তাঁরা আমন্ত্রিত হয়েই সেখানে গিয়েছেন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনেরও থাকার কথা ছিল বলে শোনা যায়। তবে সালাউদ্দিন যাননি। মনজুর হোসেন তাঁর উপস্থিতির ব্যাপারে বলেছেন, ‘শেখ জামাল ডিএফএগুলোকে বিভিন্নভাবে সহায়তা করতে চায়। আমি ডিএফএর সঙ্গে তাদের যোগাযোগ ঘটিয়ে দিয়েছি। এর বেশি কিছু নয়।’জানা গেছে, আগামী ২ অক্টোবর চট্টগ্রাম-রবিশাল, পরদিন রাজশাহী-রংপুর বিভাগের সব ডিএফএর সঙ্গে মতবিনিময় করবে শেখ জামাল। বিশ্ববিদ্যালয়, সার্ভিসেস দলের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় হবে।কেন এই উদ্যোগ? শেখ জামালের সভাপতি মনজুর কাদের জানালেন, ‘আগের মতো ঢাকার বাইরে থেকে ভালো খেলোয়াড় আসছে না। ভালো খেলোয়াড় তুলে আনাই আমার লক্ষ্য। কাজী সালাউদ্দিনকে সহায়তা করতে চাই আমরা। তিনি যেভাবে ফুটবলকে এগিয়ে নিচ্ছেন, আমরা তাঁর সহযাত্রী হব।’আরেক প্রশ্নে মনজুর কাদেরের উত্তর, ‘বাফুফের সভাপতি পদে আমার বন্ধু কাজী সালাউদ্দিনের কোনো প্রতিদ্বন্দ্বী থাকার কথা নয়। তাঁর জন্য আমাদের কাজ করার দরকার নেই। তিনি একাই এক শ। তা ছাড়া আমার কোনো নির্বাচনী অভিলাষ নেই। নির্বাচন আমি করব না। স্রেফ তৃণমূল ফুটবল উন্নয়নে কাজ করা দরকার, তাই এটা করছি আমরা।’জানা গেছে, শেখ জামালের লক্ষ্য ডিএফএগুলোর জন্য পাঁচ কোটি টাকার তহবিল গড়ে তোলা। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবেন কর্মকর্তারা। শিগগিরই বড় ক্লাবগুলোর কর্মকর্তা এবং বাফুফের কর্মকর্তাদের নিয়ে বড় অনুষ্ঠান করে এই টাকা ডিএফএগুলোকে দেওয়া হবে।বৈঠক সূত্রের খবর, অনেক ডিএফএ সভাপতি ডিএফএ নিয়ে বাফুফের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা শেখ জামালের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।হবিগঞ্জ ডিএফএর সভাপতি শফিকুল বারীর কথা, ‘শেখ জামাল জেলার ফুটবল নিয়ে কাজ করতে চায়। আমরা তাদের সঙ্গে আছি। এখানে কোনো নির্বাচনী ব্যাপার নেই। নির্বাচন আলাদা, ডিএফএকে চাঙা করা ভিন্ন ব্যাপার। যেকোনো ভালো উদ্যোগের সঙ্গেই আমরা আছি।’ফরিদপুরের সভাপতি মোসলেমউদ্দিন বলছেন, ‘কাদের ভাই জেলা পর্যায়ে ফুটবল উন্নয়নে করণীয় জেনেছেন আমাদের কাছ থেকে। তিনি সহায়তার আশ্বাস দিয়েছেন। আমার বিশ্বাস, সহযোগিতা আমরা পাব।’ রাজবাড়ী ডিএফএর সভাপতি মনজুরুল আলমের কণ্ঠেও একই সুর, ‘ফুটবলের জন্য ভালো একটা উদ্যোগ নিয়েছে শেখ জামাল। এখানে ভোটের কোনো ব্যাপার নেই।’ গোটা ব্যাপারটাকে কীভাবে দেখছেন সালাউদ্দিন? ‘চাইলে যে কেউ ফুটবল উন্নয়নে কাজ করতে পারে। শেখ জামাল যা করেছে, সেটি একান্তই তাদের নিজস্ব কর্মসূচি’—বলেছেন বাফুফে সভাপতি।