শেখ জামালের ডিগবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক কাঠখড় পুড়িয়ে ক্লাবগুলোকে রাজি করিয়ে অনূর্ধ্ব-১৬ ফুটবল মাঠে নামাচ্ছে যখন বাফুফে, ঠিক সেই মুহূর্তে বেঁকে বসেছে শেখ জামাল ধানমন্ডি। ২০ ফেব্রুয়ারি শুরু পেশাদার লিগের দলগুলোর এই জুনিয়র টুর্নামেন্টের গ্রুপ করার জন্য কাল বসেছিল লিগ কমিটি। ড্রয়ের আয়োজন শেষ, এমন সময়ে শেখ জামালের প্রতিনিধি সাবেক ফুটবলার আবদুল গাফফার এসে জানান, শেখ জামাল এই টুর্নামেন্ট খেলবে না! এর আগে তারা বলেছে মহিলা লিগে খেলবে না। ‘খেলব না’ বলাটা যেন অভ্যাস হয়ে যাচ্ছে শেখ জামালের। কবে না বাংলাদেশ লিগ থেকেও সরে যায়!কালকের ড্র অনুষ্ঠানে সব দলের প্রতিনিধিদের নিয়ে বসেছিলেন লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী। তিনিসহ উপস্থিত সবাই শেখ জামালের সিদ্ধান্ত জেনে বিস্মিত। এই টুর্নামেন্টে খেলাকে বাধ্যতামূলক করে এবার বাংলাদেশ লিগের বাইলজ করে বাফুফে। কোনো ক্লাব না খেলতে চাইলে জরিমানাসহ শাস্তির মুখোমুখি হতে হবে। তা জেনেও বাইলজ অমান্য করল জামাল। আকস্মিক সিদ্ধান্তটি জানার পর সালাম মুর্শেদী অনুষ্ঠানস্থল থেকেই ফোন করেন শেখ জামালের সভাপতি মনজুর কাদেরকে। কিন্তু কোনো কাজ হয়নি। মজার ব্যাপার, অনূর্ধ্ব-১৬ দল গড়তে শেখ জামাল একজন গাম্বিয়ান কোচ এনেছে। তা ছাড়া এই অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ হঠাৎ করে হয়নি। এ নিয়ে কয়েকটি সভা হয়েছে। মনজুর কাদের নিজেও ছিলেন একটা সভায়। তখন ‘না’ করেননি। এখন কিনা ডিগবাজি খেলেন?‘অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট ক্লাবের জন্য কোনো ফল আনবে না। অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট হলে আমরা এখনই কিছু নগদ খেলোয়াড় পেতাম। তাই আমি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট করতে বলেছিলাম। তারা (বাফুফে) সেটা না করায় আমরা অনূর্ধ্ব-১৬ খেলছি না’—যুক্তি দিলেন মনজুর কাদের। তাঁর বক্তব্য অনুযায়ী অন্য আটটি দল ‘লাভবান’ হবে না জেনেও খেলছে। তাহলে লাভের অঙ্কটা শুধু শেখ জামালের কাছে খুব বড় হয়ে উঠল!লিগ কমিটি শেখ জামালকে বাদ দিয়েই টুর্নামেন্টটা করবে। তবে সৌন্দর্যটা নষ্ট হলো এই আরকি! সালাম মুর্শেদী বললেন, ‘কারও সমস্যা বা ভিন্নমত থাকতেই পারে। সেটা আগে জানালে ভালো হতো।’যা-ই হোক, উন্মুক্ত ড্রয়ে ক্রমানুসারে ‘এ’ গ্রুপে পড়েছে মুক্তিযোদ্ধা, মোহামেডান, আরামবাগ ও আবাহনী। ‘বি’ গ্রুপে বিজেএমসি, ফেনী সকার, শেখ রাসেল ও ব্রাদার্স।