শেখ জামালের নর্দে-বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে শেখ রাসেলের ট্রেবল জয়ের অন্যতম প্রধান নায়ক। এবার তাই মূল্যটা বেড়ে যায় সনি নর্দের। নতুন মৌসুমের জন্য হাইতির প্লে-মেকারকে ৭৩ হাজার ডলারে কিনে নেয় শেখ জামাল ধানমন্ডি। বাংলাদেশের ফুটবলে এটি রেকর্ড। সেই নর্দে কাল পা ফেললেন তাঁর নতুন ক্লাবে। নর্দে কাল ঢাকা পৌঁছেছেন হাইতি জাতীয় দলের আরেক খেলোয়াড় ওয়েডসন অ্যানস্লিমকে সঙ্গী করে। এই স্ট্রাইকার হাইতির সর্বশেষ লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।শুধু এই দুজনই নয়, এবার আগের চেয়ে আরেকটু ভালো খেলোয়াড় আনার চেষ্টা করছে শেখ জামাল। কোচ যোসেফ আপুসিও গতকালই ঢাকা এসেছেন ইংল্যান্ডে খেলা নাইজেরিয়ান মিডফিল্ডার আলী আবদুল্লাহিকে নিয়ে, যিনি ইংল্যান্ডের নিচের দিকে লিগ ‘টু’তে খেলেন লন্ডনের ক্লাব বিপস স্ট্রটফর্বের হয়ে।আরও একজনকে কাল পেয়েছে শেখ জামাল—আরিয়েল কোলম্যান। বাংলাদেশের ফুটবলে বেশ পরিচিত এই ফিটনেস ট্রেনার। আর্জেন্টাইন কোচ ডিয়েগো ক্রুসিয়ানির সঙ্গে জাতীয় দলে ট্রেনার হিসেবে প্রথম কাজ করে গেছেন ২০০৫ সালে। পরে ডিডোর সময় আসেন (২০০৮)।বাংলাদেশের শীর্ষ ক্লাবগুলো খেলোয়াড়দের পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করলেও কোচিং স্টাফ শক্তিশালী করার ব্যাপারে বরাবরই উদাসীন। একজন ফিটনেস ট্রেনার আনার সাম্প্রতিক নজিরটা আবাহনীর। এবার আনল শেখ জামাল। কোলম্যানের মতো আবাহনীর সেই ট্রেনারও ছিলেন আর্জেন্টাইন।আবির্ভাবের পর থেকেই শেখ জামাল মানে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ। তবে প্রথমবার লিগ শিরোপা জিতলেও পরেরবার হয় ষষ্ঠ। গত মৌসুমে রানার্সআপ। এবার আবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সবার আগে প্রস্তুতিতে নামছে শেখ জামাল। নাইজেরিয়ান কোচ যোসেফ আপুসির সঙ্গে তারা দ্বিতীয় মৌসুমের জন্য চুক্তি করেছে। আপুসিই একমাত্র কোচ, যিনি লম্বা সময় টিকলেন শেখ জামালে।ঢাকায় নেমেই আপুসি বললেন, ‘গতবার তিনটি টুর্নামেন্টে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার অবশ্যই চাইব চ্যাম্পিয়ন হতে।’ আরও কয়েকজন আফ্রিকানকে আনছে শেখ জামাল। অবশ্যই ট্রায়াল নেওয়া হবে আগে। গতকাল আসা দুজনকে দেখে তবেই নিবন্ধন হবে। এবং তা ইতিবাচকই হবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। ওয়েডসনকে নিয়ে সনির কথা, ‘সে ভালো স্ট্রাইকার।’ আলীর ব্যাপারে কোচ যোসেফ আপুসি তো খুবই উচ্ছ্বসিত, ‘শেখ জামাল যত মিডফিল্ডার এনেছে, আমার বিশ্বাস আলী হবে সেরা।’সনি তো এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন। তাঁকে এরই মধ্যে ৩৫ হাজার ডলার অগ্রিমও দিয়ে দিয়েছে শেখ জামাল। বাংলাদেশে বিদেশি ফুটবলাররা মাসিক সর্বোচ্চ ৪-৫ হাজার ডলার পারিশ্রমিকে খেলেন। ক্ষেত্রবিশেষে তো পাঁচ শ, হাজার ডলারেও আফ্রিকান ফুটবলার পাওয়া যায়। তাঁদের অগ্রিম দেওয়ার তো প্রশ্নই নেই। অথচ নর্দেকে শেখ জামাল ৩৫ হাজার ডলার অগ্রিম দিয়েছে!নর্দেও তৈরি হয়েই এসেছেন। জানালেন, যুক্তরাষ্ট্রে হাইতির জাতীয় দলের হয়ে খেলে এসেছেন। এবার চান শেখ জামালের পতাকা ঊর্ধ্বে তুলে ধরতে।