শেখ জামালের প্রতিপক্ষ আসলে মানিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিনিবাসের ছাদে বসা আট-দশজন। দলের বাকিরা বাসের মধ্যে। বিজয়সরণি সামরিক জাদুঘর মাঠে এসে হই-হুল্লোড় করে নামলেন সবাই। মুক্তিযোদ্ধার খেলোয়াড়েরা যখন বাস থেকে নেমে অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন, ততক্ষণে ওই মাঠেই ঘণ্টা খানেক ঘাম ঝরিয়ে ফেলেছে শেখ জামাল ধানমন্ডি। ফেডারেশন কাপের ফাইনালে ওঠার লড়াইয়ের আগে মনোযোগী শেখ জামালের কাছে এই মুক্তিযোদ্ধাকে মনে হতে পারে নির্ভার এক দল।তা মুক্তিযোদ্ধা নির্ভার থাকতেই পারে। শক্তিশালী শেখ জামালের বিপক্ষে তাদের হারানোরও তো কিছু নেই। পেশাদার লিগের রানার্সআপরা এবার দলবদলের পর ভাঙা হাট। গতবারের দলটি ছিল জাতীয় দলের একঝাঁক খেলোয়াড় দিয়ে সাজানো, এবার জাতীয় দলের খেলোয়াড় একজনও নেই। তার পরও যে দলটি শেষ চারে, তার পেছনে রয়েছেন কাঞ্চন-বিদ্যুৎদের মতো পুরোনো অভিজ্ঞ খেলোয়াড়। নেপথ্য কারিগর অবশ্য কোচ শফিকুল ইসলাম (মানিক)। সেমিফাইনালে কাগজে-কলমে এগিয়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। বিদেশিনির্ভর দলটির সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সানডে সিজোবা, মাইক ওতোজারেরি, মানডেরা। খেলছেন গতিময় ফুটবল। মুক্তিযোদ্ধায় এখন পর্যন্ত খেলছেন মাত্র দুজন বিদেশি—নাইজেরিয়ার ড্যামি ও ব্রাজিলের টাইসন। চার বছর ধরে মুক্তিযোদ্ধায় খেলা মিডফিল্ডার ড্যামির হাতে এবার অধিনায়কের বন্ধনী। এটি যেন তাঁকে উজ্জীবিত করছে আরও, ‘এটা আমাদের জন্য বড় একটা ম্যাচ। এ ম্যাচে আমাদের জিততে হবে।’ কিন্তু গ্রুপ পর্বে এই শেখ জামালের কাছেই ৩-০ গোলে হেরেছিল মুক্তিযোদ্ধা। সেটা মনে করিয়ে দিতেই বললেন, ‘গ্রুপ পর্যায় আর এটা আলাদা ব্যাপার, আলাদা ম্যাচ। তা ছাড়া সেদিন আমাদের নিয়মিত পাঁচজন খেলেনি। আশা করি, এই ম্যাচে আমরাই জিতব।’কোচ শফিকুল ইসলাম অবশ্য বাস্তববাদী। মুক্তিযোদ্ধাকে পাঁচবার ফেডারেশন কাপের ফাইনালে তুলে দুইবার শিরোপা জেতানো কোচের কথা, ‘আমরা যোগ্যতা দিয়েই এখানে এসেছি। তবে আমাদের চেয়ে আরও ভালো খেলে এসেছে শেখ জামাল। কাগজে-কলমেও ওরা আমাদের চেয়ে ভালো। মাঠে সুযোগের সদ্ব্যবহার করতে চাই আমরা।’ সুযোগের সদ্ব্যবহার যাঁরা করতে জানেন, তাঁদের একজন মিডফিল্ডার জাহেদ পারভেজ কাল হজে গেছেন। তাঁর অভাবটা অনুভব করছেন কোচ। শফিকুলের মতো অতটা অভিজ্ঞ নন শেখ জামালের কোচ জোসেফ আফুসি। গত মৌসুমে ছিলেন খেলোয়াড়, কোচের সহকারী হিসেবেও কাজ করেছেন। এবার দলের প্রধান কোচ। মৌসুমের প্রথম টুর্নামেন্টটা তাঁর কাছে একটা বড় চ্যালেঞ্জ, ‘এটা আমার জন্য বড় একটা চ্যালেঞ্জ। খেলোয়াড় থেকে দলের প্রধান কোচ হওয়ার পর প্রথম দায়িত্ব। তাই চাইব শিরোপা জিততে, দলের সবাই জয় পেতে মরিয়া।’ গ্রুপ পর্বে মুক্তিযোদ্ধা হারলেও প্রতিপক্ষ হিসেবে তাদের অবশ্য সমীহই করছেন আফুসি, ‘ম্যাচটি সহজ হবে না। ওরা লিগের রানার্সআপ দল। ওদের খাটো করে দেখার কিছু নেই।’ আবাহনীকে হারিয়ে সেমিফাইনালে ওঠা বলে শেখ জামাল অধিনায়ক শরীফ বেশ আত্মবিশ্বাসী, ‘আবাহনীর মতো বড় দলকে হারিয়েছি বলে আমরা মানসিকভাবে অনেক এগিয়ে। এই ম্যাচ আমাদের কাছে ফাইনাল।’