শেখ জামালের প্রশ্নবিদ্ধ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে প্রেসবক্সের নিচে এক দর্শককে রাগে গজগজ করতে দেখা গেল। কথায় পুরান ঢাকার টান, ‘ব্যাবছা ফালায়া এই খেলা দেখবার আইছি! এইটা কোনো খেলা হইলো? সাংবাদিক ভায়েরা ল্যাখেন, দেশের ফুটবল কই যাইতাছে? এইভাবে পাতানো খেলা হইলে মাঠে আইছা লাভ কী আমাগো?’মজার ব্যাপার, দুই পাশে আবাহনী-মোহামেডান গ্যালারি থেকেও একই আওয়াজ। দুই শত্রু শিবিরের সমর্থকেরা একটা বিষয়ে গ্যালারিতে বসে মতৈক্য পোষণ করলেন। মোহামেডান গ্যালারিতে সত্তরোর্ধ্ব সমর্থক ‘আতা ভাই’ তাঁর মতো করে চিৎকার করেই চলেছেন, ‘রহমতগঞ্জ ভায়েরা এভাবে শেখ জামালরে ছাইড়া দিলা তোমরা! শেখ জামালরে তোমরা কি চ্যাম্পিয়ন বানানোর দায়িত্ব নিলা?’একটু আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যা ঘটল, তা দেখে দর্শক-প্রতিক্রিয়া অমন তীব্র হওয়াটাই স্বাভাবিক। দুই গোলে এগিয়ে থেকে রহমতগঞ্জ শেষ পর্যন্ত ম্যাচটা হারল ৫-২ গোলে। জামালের কাছে রহমতগঞ্জ হারতেই পারে। কিন্তু প্রশ্নটা রহমতগঞ্জের হারের ধরন দেখে। লড়াই করতে নয়, তারা যেন মাঠে এসেছিল হারতেই!কদিন আগেও রহমতগঞ্জ হারিয়ে দিয়েছিল আবাহনীকে। অনেক সময়ই এই দলটির কাছ থেকে পয়েন্ট বলে-কয়ে নিতে হয় বড় দলকে। কিন্তু কালকের রহমতগঞ্জ যেন অন্য রহমতগঞ্জ। তাদের গোলরক্ষক ইরান শেখ অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়েই গোল খেলেন। দুই হাতের পাশ দিয়ে বল জালে যাচ্ছে, তাঁর শরীর নড়ল না। জায়গায় দাঁড়িয়ে রইলেন। ডিফেন্ডারদের শরীর চলেনি ঠিকমতো, বলের পেছনে দৌড়াতে তাঁদের ছিল রাজ্যের অনীহা।ম্যাচটা শুরুর আগেই ফুটবল অঙ্গনে শোনা গেছে একটা কথা—এখন কি আর কেউ ঝুঁকি নেবে? মানে শিরোপা জেতার জন্য বাকি ম্যাচগুলোর পয়েন্ট নিশ্চিত করে রাখবে যার সুযোগ আছে। এই গুঞ্জন ভুল প্রমাণিত হয়নি মনে করে অনেক দর্শকই দুয়োধ্বনি দিতে দিতে বাড়ি ফিরেছে। বলে গেছে, এই ফুটবল দেখতে আর আসবে না।দর্শকেরা যত সন্দেহের তীর ছুড়ুক, কাঙ্ক্ষিত শিরোপা জয়ের পথে শেখ জামাল আরেক ধাপ এগোল। এই জয়ে ২০ ম্যাচে দলটির পয়েন্ট ৪৭। ১৯ ম্যাচে মুক্তিযোদ্ধার ৪৩, ১৮ ম্যাচের আবাহনীর ৩৯। বাকি দুই ম্যাচে ছয় পয়েন্ট না-ও লাগতে পারে জামালের, যদি মুক্তিযোদ্ধা-আবাহনী পয়েন্ট হারায়। সে যা-ই হোক এদিন সবাইকে অবাক করে দিয়ে প্রথমে দুই গোল খেয়ে বসল জামাল। ১৩ মিনিটে আমিনুল বলের ফ্লাইট মিস করায় এগিয়ে যায় রহমতগঞ্জ। ৩১ মিনিটে ফেলিক্সের টোকায় ২-০। গ্যালারি থেকে দর্শকদের চিৎকার ভেসে আসছে, ‘মেকিং, মেকিং।’এরপর অবশ্য ১৬ মিনিটের মধ্যে ৩ গোল করেছে জামাল। ৩৬ মিনিটে মিশুর ক্রস রহমতগঞ্জ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে গেছে। গোলরক্ষক ইরান শেখ বল তাড়াই করলেন না। পরের মিনিটেই লোগা বোগার হেডে ২-২। গোলরক্ষক ও ডিফেন্ডাররা নির্বিকার।৪৩ মিনিটে রহমতগঞ্জ ডিফেন্ডার শিমুল খান বক্সে ফেলে দেন জামালের আউককে। পেনাল্টি, শিমুল দেখেন লাল কার্ড, তবে সুজনের নেওয়া পেনাল্টি কিকে গোল হয়নি। প্রথম কিকে গোল হলেও বাতিল করেন রেফারি। ফিরতি কিক যায় গোলরক্ষকের হাতে। ৫২ মিনিটে রহমতগঞ্জের রক্ষণভাগের নিস্পৃহতায় দু-তিনজনকে কাটিয়ে ৩-২ করেন আউক। ৭৪ ও ৮৯ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন লোগা বোগা। গোলগুলো এল অনায়াসেই। হ্যাটট্রিক করেও সেভাবে উদ্যাপনই করেননি ক্যামেরুনিয়ান স্ট্রাইকার!২০ ম্যাচে ২৪ পয়েন্ট রহমতগঞ্জের। অবনমন-শঙ্কা নেই, এ কারণেই রহমতগঞ্জ ম্যাচটা ছেড়ে দিল বলে দর্শকেরা অভিযোগ তুলছেন তাদের দিকে।