শেখ জামালের ভাবনায় শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার লিগে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পরের মৌসুমে সেই শিরোপা তো তারা ধরে রাখতে পারেইনি, হয়েছে ষষ্ঠ। হারানো শিরোপা পুনরুদ্ধারের আশায় এবার নিজেদের তৃতীয় মৌসুমে লিগ শুরু করবে ধানমন্ডির ক্লাবটি। লিগ শুরুর এক দিন আগে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এসে সেই বার্তাই দিলেন শেখ জামালের কোচ জোসেফ আপুসি। ‘শিরোপা জিততেই হবে’—এমন চাপ অবশ্য নিচ্ছেন না মোহামেডানের কোচ সাইফুল বারী। ফেনী সকারের অধিনায়ক লুৎফর রহমান এবার চতুর্থ স্থান ফিরে পেলেই খুশি থাকবেন।পেশাদার লিগের দলগুলোর ধারাবাহিক সংবাদ সম্মেলনের শেষ দিনে কাল এল মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি ও ফেনী সকার। ব্রাদার্স নিজেদের ক্লাব ভবনে ডাকা আজকের সংবাদ সম্মেলনে জানাবে এবারের লিগ অভিযানে তাদের লক্ষ্যের কথা।এবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেও শেখ জামাল শিরোপা জিততে পারেনি। এ নিয়ে আক্ষেপ আছেই, তবে সেটা ভুলে সামনে তাকাচ্ছেন শেখ জামালের কোচ আপুসি, গত মৌসুমে যিনি খেলোয়াড়ের পাশাপাশি সহকারী কোচের ভূমিকাও পালন করেছেন। পেশাদার লিগে কোচ হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে বলে দারুণ রোমাঞ্চিত। ফেডারেশন কাপে খেলা মানডেকে অবশ্য লিগে পাচ্ছে না শেখ জামাল। পারিবারিক সমস্যার কথা বলে দেশে গিয়ে আর ফেরেননি এই নাইজেরিয়ান ডিফেন্ডার।মোহামেডান গত মৌসুমে ভাঙাচোরা দল নিয়েও তৃতীয় হয়েছিল লিগে। ঐতিহ্যবাহী দলটি এবার আরও এক ধাপ এগোনোর সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে নামবে। দলের কোচ সাইফুলের কথা, ‘অন্তত রানার্সআপ হওয়ার লক্ষ্য থাকবে আমাদের।’ মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের সেমিফাইনালে বিদায় নেয় সাদা-কালোরা। প্রথমে এগিয়ে গিয়েও পরে গোল খেয়ে ম্যাচ হেরে বসার একটা প্রবণতা দেখা গিয়েছিল মোহামেডানের। ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন সাইফুল, ‘বিষয়টা আমাকে ভাবিয়েছে। এই কদিন এটা নিয়েই বেশি কাজ করতে হয়েছে।’ ঢাকার বাইরের একমাত্র দল ফেনী সকারের অধিনায়ক লুৎফরের চাওয়া একটাই, ‘এবার চতুর্থ স্থানটা ফিরে পেতে চাই।’