শেখ জামালের সাফল্য উদ্যাপন
বাংলাদেশ লিগে অভিষেক মৌসুমেই চ্যাম্পিয়ন—ফুটবলে শেখ জামাল যেন একটা বিপ্লব। যদিও পাতানো খেলার দায়ে তাদের শিরোপাজয় প্রশ্নবিদ্ধ। নতুন ক্লাবটি চ্যাম্পিয়ন হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট, মহিলা ফুটবল লিগেও। ফেডারেশন কাপ ফুটবল ও মহিলা ক্রিকেট লিগে রানার্সআপ। চারদিকে সাফল্য!তবে এবার ফুটবল দলটা গতবারের মতো তারকাসমৃদ্ধ হয়নি। তা সত্ত্বেও চ্যাম্পিয়ন হওয়ার আশা ছাড়ছেন না ক্লাব সভাপতি মনজুর কাদের। কাল ক্লাবের ‘সাফল্য উদ্যাপন অনুষ্ঠান’ শেষে একটা একাডেমি করার পরিকল্পনার কথা জানিয়ে বললেন, ‘খরচ অনেক। তবু আমরা ক্রীড়া পৃষ্ঠপোষকতা চালিয়ে যাব। আমরা এবার শক্তিশালী ক্রিকেট দল গড়েছি। এক মুশফিকুর রহিমকেই নিয়েছি ২৮ লাখ টাকায়।’ সদ্য মহিলা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ায় এক কোটি টাকা অনুদান পেয়েছে শেখ জামাল। নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাবের এক কর্মকর্তা জানালেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী মহিলা ফুটবল লিগের ফাইনাল দেখেছেন টিভিতে। আমরা তাঁকে মিষ্টি পাঠাই। প্রধানমন্ত্রী মেয়েদের খেলাধুলায় খুব উৎসাহী। তাঁর মাধ্যমে আমরা মহিলা ফুটবল উন্নয়নে এক কোটি টাকা অনুদান পেয়েছি।’প্রধানমন্ত্রীর কাছে ক্লাব সভাপতির আশা এর চেয়ে বড়, ‘আপার (প্রধানমন্ত্রী) সঙ্গে কথা হয়েছে। তৃণমূল ফুটবল উন্নয়নে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে (ডিএফএ) আর্থিকভাবে সহায়তা করার যে উদ্যোগ নিয়েছি আমরা, তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’ ওদিকে পাতানো খেলার দায়ে বাফুফের করা ২০ লাখ টাকা জরিমানা এখনো দেয়নি শেখ জামাল। বরং জরিমানা প্রত্যাহারের আবেদন করেছে বাফুফের কাছে। এ নিয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের বক্তব্য, ‘শেখ জামালের জরিমানা প্রত্যাহারের ব্যাপারে ফেডারেশনের নির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে।’ ঢাকার একটি পাঁচতারকা হোটেলে শেখ জামালের কালকের বড় পরিসরের এই ব্যতিক্রমী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালাউদ্দিন। বাফুফে সভাপতির কথা, ‘শেখ জামালের ব্যবস্থাপনা ভালো। এটাই তাদের এগিয়ে নিচ্ছে।’অনুষ্ঠানে উপস্থিত ছিল ছেলে ও মেয়েদের ফুটবল দল। তবে শেখ জামাল ছেড়ে যাওয়া ফুটবলে ‘চ্যাম্পিয়ন’ দলের সদস্যরা গরহাজির। তাঁদের আমন্ত্রণও জানানো হয়নি।শেখ জামালে সক্রিয় কর্মকর্তার সংখ্যা অনেক। মঞ্চে আসন নিয়েছিলেন সতের-আঠারো জন কর্মকর্তা। ক্লাব সভাপতি ছাড়াও তানভীর মাজহার (তান্না), মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ, মাহফুজা আক্তার প্রমুখের বক্তব্যে ছিল ক্লাবকে এগিয়ে নেওয়ার প্রত্যয়।মঞ্চের পেছনে ‘মিট দ্য প্রেস’ ব্যানার লেখা। গোটা দুই প্রশ্ন হলো কেবল, এরপর এক কর্মকর্তা সবাইকে ধন্যবাদ জানিয়ে ইতি টানেন খানিকটা অগোছালো হয়ে পড়া এই অনুষ্ঠানের।