পাসিং ফুটবল দূরে থাক, প্রেসিং ফুটবলও প্রথম মিনিট কুড়ি পর অদৃশ্য। নিজেদের ছায়া হয়েই কাল কমলাপুর স্টেডিয়ামে দেখা দিল শেখ রাসেল। তাতেও অবশ্য ফরাশগঞ্জের কাছে গত স্বাধীনতা কাপের ফাইনালের হারের প্রতিশোধ নিতে সমস্যা হয়নি ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের।কিন্তু রাসেলের কাছে দর্শক দৃষ্টিনন্দন কিছু চায়। ২-০ জয়েও সে রকম কিছু থাকল না। প্লেমেকার সনি নর্দে দুলকি চালে খেলে গেলেন। চোট কাটিয়ে মাঠে ফেরা উইঙ্গার জাহিদ চেষ্টা করেছেন, কিন্তু জড়তা রয়ে গেছে তাঁর।স্ট্রাইকার এমিলিই বরং কার্যকর ভূমিকা রেখেছেন জয়ে। ২৩ মিনিটে পেনাল্টি থেকে ১-০ করার পর শেষ মুহূর্তে কর্নার থেকে গোল বানিয়ে দিলেন একটু আগেই মাঠে নামা মিঠুনকে। আনোয়ারের কর্নারে আগের ম্যাচে দুই গোল করা এমিলির মাপা হেডে মিঠুনের আলতো হেড জালে।ফেনী সকারকে ৩-২ গোলে হারানো রাসেলের এটি দ্বিতীয় জয়। ২৮ মার্চ আবাহনী-রাসেল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। দুই দলই একই সমান্তরালে দাঁড়িয়ে—ছয় পয়েন্ট এবং গোলগড় ধনাত্মক তিন। ওই ম্যাচ হারলে স্বাধীনতা কাপের শেষ চারে যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। তাই ম্যাচটা পাচ্ছে বাড়তি গুরুত্ব।গোলগড়ে আবাহনীকে টপকাতে কাল শুরু থেকেই ঝাঁপিয়েছে রাসেল। কিন্তু সামর্থ্যের অর্ধেকও মাঠে প্রয়োগ করতে পারেনি। খেলোয়াড়দের মধ্যে দেখা যায়নি প্রতিপক্ষের পা থেকে দ্রুত বল কেড়ে নেওয়ার তাগিদ। কয়েক দিন আগেই কাঠমান্ডুতে এএফসি চ্যালেঞ্জ কাপে চাপিয়ে খেলেছে বাংলাদেশ দল। সেই খেলোয়াড়েরাই কাল ক্লাবের জার্সিতে অনেকটাই নিষ্প্রভ।এর কারণ কী? রাসেল কোচ মারুফুল হকের ব্যাখ্যা, ‘বেলা সোয়া তিনটায় কড়া রোদে খেলাতে হয়েছে। খেলোয়াড়েরা কিছু সময় পর ক্লান্ত হয়ে পড়ায় খেলতে পারেনি।’ মিডফিল্ডার মামুনুলের ক্ষোভ, ‘ফেডারেশন এত গরমে খেলা দেয় কেন?’ উত্তরটা সোজা—টিভিতে খেলা দেখানোর সুবিধার্থে এই সময়ে খেলা।‘গরম’ হয়তো একটা কারণ। আগের রাতে বৃষ্টি হওয়ায় মাঠও ভালো ছিল না। তবে এটাও ঠিক, ফরাশগঞ্জ ভালো খেলেছে। গোটা দুয়েক সহজ সুযোগও পেয়েছে দলটা। কিন্তু গোল করতে পারেনি। টানা দ্বিতীয় হারে স্বাধীনতা কাপ থেকে বিদায় নিল চ্যাম্পিয়নরা।