শেখ রাসেল কবে চ্যাম্পিয়ন হবে—প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ নিয়ে ছিলেন ভীষণ কৌতূহলী। এবারের লিগে চ্যাম্পিয়ন তো বটেই, এখন পর্যন্ত মৌসুমের তিনটি শিরোপাই জেতা শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলোয়াড় ও কর্মকর্তারা কাল গণভবনে দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। ‘ট্রেবল’ জয়ী অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য জানিয়েছেন, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শেখ রাসেলকে তাদের এই অগ্রযাত্রা ধরে রাখার অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি খেলোয়াড়দের ফুল উপহার দেন ও মিষ্টিমুখ করান। পাশাপাশি প্রধানমন্ত্রী রাসেলের প্রত্যেক খেলোয়াড়, কোচ এবং টিম ম্যানেজমেন্টের সদস্যদের এক লাখ টাকা করে উপহার দিয়েছেন। এই অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান শেখ রাসেলকে এক কোটি টাকা দেবেন বলে ঘোষণা দিয়েছেন।