শেখ রাসেলে চূর্ণ মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচে শক্তিশালী আবাহনীর সঙ্গে ড্র করে আত্মবিশ্বাসে বলীয়ান ছিল মোহামেডান। তারপর কাল ১০ জনের দলে পরিণত হয়ে তাদের সামনে জয়ের মঞ্চটা তৈরিই করে দিয়েছিল শেখ রাসেল। কিন্তু সুযোগের সদ্ব্যবহার দূরে থাক, একটা পয়েন্টও পেল না মোহামেডান। উল্টো বিধ্বস্ত হলো ৩-০ গোলে। মোহামেডানের জার্সির ভার অনেক দিনই হলো হালকা হয়ে গেছে। এখন যাঁরা এই জার্সিতে খেলেন, তাঁরা যেন সাদা-কালোর খোলসে কঙ্কাল। নাইজেরিয়া থেকে আনা বিদেশি খেলোয়াড়েরাও নখদন্তহীন। তাঁদের না আছে স্কিল, না সামর্থ্য। পাঁচ গজ দূর থেকে বাড়িয়ে দেওয়া বলগুলোও ঠিকমতো ধরতে পারেন না। এসব দেখে রাগে, ক্ষোভে-দুঃখে পারলে ডাগ-আউটে দাঁড়িয়ে নিজের মাথার চুল টেনে ছেঁড়েন কোচ এমেকা ইউজিগো। ম্যাচ শেষে বলেই ফেললেন, ‘এমন দলের কোচ ভাবতেও লজ্জা লাগছে আমার। কাল থেকে আবার এদের ফুটবলের বেসিক শেখাতে হবে।’দুই মিনিটেই এগিয়ে যেতে পারত শেখ রাসেল। বুকোলার পাস থেকে আনোয়ারের শট ক্রস বারে লাগে। বাকি সময়টা দুই দল খেলেছে এলোমেলো ফুটবল। কিন্তু এর মধ্যেই মেঘ না চাইতেই বৃষ্টির মতো মোহামেডানের সামনে এসে যায় সুুবর্ণ সুযোগ। ৪২ মিনিটে সোহেলকে পেছন থেকে বাজে ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শেখ রাসেলের মিডফিল্ডার মানিক। ১০ জনের দল হয়ে পড়ায় রেফারিদের ওপর তখন কী আক্রোশ শেখ রাসেল কর্মকর্তা-সমর্থকদের! ঝাড়ু ও জুতাও দেখতে হয়েছে রেফারিদের। একপর্যায়ে উত্তেজিত এক কর্মকর্তাকে পুলিশ মাঠ থেকে বের করে দিতে বাধ্য হয়। কিন্তু এই দলটিই অন্য রকম হয়ে গেল প্রথম গোল পেয়ে। মোহামেডান এই সুযোগ কাজে লাগাতে পারেনি, বরং নিজেরা ১০ জনের দলে পরিণত হওয়ার আগে খেয়েছে দুই গোল। ১০ জন হয়ে পড়ার পর সর্বাত্মক আক্রমণে ঝাঁপিয়ে পড়ে শেখ রাসেল। শুধু গোলরক্ষক ছাড়া হাফ লাইনের ওপরে উঠে যায় পুরো দল। ফলও পায় শেখ রাসেল, ৫৭ মিনিটে প্রথম গোল করেন বুকোলা। মোহামেডানের আগুয়ান গোলরক্ষক হিমেল ও ডিফেন্ডার জনসনের ভুল বোঝাবুঝির সুযোগে। ৮০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন বুকোলাই। বক্সের মধ্যে এগিয়ে যাওয়া নাইজেরিয়ানকে অবৈধভাবে ফেলে দিয়েছিলেন পারভেজ ও ডমিনিক। ম্যাচের শেষ ভাগে ১০ জনের দল হয়ে যায় মোহামেডানও। উত্তমকে অবৈধ ট্যাকল করতে গিয়ে ৮৭ মিনিটে লাল কার্ড দেখেন জনসন। মোহামেডানের মতো সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়নি শেখ রাসেল। অতিরিক্ত সময়ে মোহামেডানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন মরো মোহাম্মদ। উৎস ছিলেন পুরো ম্যাচে দুর্দান্ত খেলা বুকোলা। শেখ রাসেলের কোচ মারুফুল হক কখনোই অধৈর্য হয়ে পড়েননি। ম্যাচ শেষে বললেন, ‘১০ জনের দল হয়ে পড়ার পরও কখনোই মনে হয়নি যে ম্যাচ হাতছাড়া হয়ে যাচ্ছে।’ কেন মনে হয়নি বললেন সেটাও, ‘প্রথম বিশ মিনিট ওদের খেলা দেখেই বুঝেছি দিনটি আমার। প্রতিপক্ষের শক্তির দিকটাও জানা ছিল। ছেলেদের যেভাবে খেলতে বলেছি সেভাবেই খেলে গোল বের করেছে।’শেখ রাসেল: বিপ্লব, উত্তম, মুরাদ, ইয়ামিন, মানিক, ফয়সাল, আব্বাস, মরো মোহাম্মদ, আনোয়ার (ইমু), পাসকাল (বাবু), বুকোলা।মোহামেডান: হিমেল, মতিউর মুন্না, মোরসালিন, হাসান আল মামুন, ওয়াহেদ (শরীফুল), ইয়াসিন, সোহেল রানা (মোবারক), ডমিনিক, ওচেন্দো, উইলকক্স, জোসেপ (রনি)।